Calcutta HC: "রত্না শুধু ড্রামা করে," ডিভোর্স মামলায় শোভনের হয়ে ওকালতি কল্যাণের; আদালতে তৃণমূল বনাম তৃণমূল!
Sovan Ratna Divorce: আদালত পেশাদারিত্বের জায়গা। আর তাই তৃণমূল বনাম তৃণমূল নয়, এখানে মক্কেল ও আইনজীবীর সম্পর্কই বড়। কথা হচ্ছে শোভন চ্যাটার্জি ও রত্না চট্টোপাধ্যায়ের ডিভোর্স মামলা নিয়ে। কলকাতা হাইকোর্টে এদিন শোভনের হয়ে মামলা লড়তে এলেন আইনজীবী তথা শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রত্নার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন কল্যাণ।
আদালতে এদিন কল্যাণ (Kalyan Banerjee) বলেন, "রত্না শুধু ড্রামা করে। আদালতে আসতে বললে আসে না। একজন বিধায়ক কি ভাষা বলেছেন আদালতে বলতে পারবনা। স্বামী হিসেবে ব্যর্থ হলে আদালতে আসুন। মামলা টেনে নিয়ে যাচ্ছ কেন।"

"স্ত্রী হলেই কি অধিকার বেশি থাকতে হবে? ভাই যদি খুব বড় সাক্ষী হয় তাহলে কেন সে সাক্ষ্য দিতে আসে না। আমার পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে," সিঙ্গল বেঞ্চে অভিযোগ কল্যাণের।
এর আগেও শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee) অভিযোগ করেছিলেন ক্রমাগত মামলা বিলম্ব করাই রত্নার (Ratna Chatterjee) উদ্দেশ্য। এদিন কল্যাণ বলেন, "শুধু দিন পিছিয়ে যাচ্ছে। হয় রত্না আসেনি নাহলে সাক্ষী। শুধু রত্না কেন, আমি এদের পরিবারের ইতিহাস ভুগোল জানি।"
বেহালা পূর্বের বিধায়িকার বাবা দুলাল দাসকেও এদিন একহাত নেন কল্যাণ। তাঁর বক্তব্য, "একদিকে উনি মহেশতলার তৃণমূল চেয়ারম্যান। বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে পারেন আর আদালতে আসতে বললেই বলেন আমার ৭০ বছর বয়স। কীভাবে যাব।"
বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য বলেন ওনার বয়স ৭০ বছর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনও রাখঢাক না করে আরো একধাপ এগিয়ে বলেন "আরে আমি ৬৯ আর ওর বাবা দুলাল দাস ৭০। তবে আমার থেকেও বেশি কালারফুল।" কার্যত নজিরবিহীন সওয়াল জবাব চলে কলকাতা হাইকোর্টে। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার।
নিম্ন আদালতেই ডিভোর্স মামলা চলছিল শোভন ও রত্নার। সেখানে সাক্ষ্য গ্রহণের জন্য আরও বেশ কিছু লোকের সাক্ষ্য নেওয়ার আর্জি জানান রত্না। নিম্ন আদালত সেই আর্জি নাকচ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন রত্না।
মামলায় সবাইকে কিছুটা অবাক করে দিয়ে শোভনের হয়ে মামলা করতে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন রাজনৈতিক চর্চা এখন প্রবল, তবে কি সর্বোচ্চ অনুমতি নিয়েই আদালতের ময়দানে নেমেছেন কল্যাণ? বিধানসভায় কি বেহালা পূর্ব নিয়ে ছক কষেই এগোচ্ছে তৃণমূল?












Click it and Unblock the Notifications