সরকারকে বিড়ম্বনায় ফেলে রাজ্য ছাড়লেন রানাঘাটের ধর্ষিতা সন্ন্যাসিনী
কলকাতা, ২০ মার্চ : রাজ্য সরকারকে ফের একদফা অপ্রস্তুত করে রাজ্য ছাড়লেন রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট স্কুলের ধর্ষিতা সন্ন্যাসিনী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুটা সুস্থ হলে আজ ভোরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় নিগৃহীতা সন্ন্যাসিনীকে। ছাড়া পেয়েই তিনি দমদম বিমানবন্দরে পৌঁছন এবং তারপর বিমান ধরে অজানা উদ্দেশ্যে চলে যান। তিনি কোথায় যাচ্ছেন সেই বিষয়টি গোপন রাখতে পুলিশকে অনুরোধ করেছেন নির্যাতিতা সন্ন্যাসিনী। তিনি কোথায় গিয়েছেন সে সম্পর্কে কিছুই জানায়নি পুলিশ।

নিগৃহীতা সন্ন্যাসিনী গত শনিবার থেকে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সবরকম পরীক্ষা-নিরীক্ষার পরই তাঁকে আজ ভোররাতে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এরপর ভোর পাঁচটা নাগাদ তিনি দমদম পৌঁছন। হাসপাতালের এক চিকিৎসক দমদম পর্যন্ত তাঁর সঙ্গে এসেছিলেন। এছাড়াও বিমানবন্দরে ছিল কনভেন্টের নিজস্ব মেডিক্যাল টিম।
গত শুক্রবারের পর এক সপ্তাহ কেটে গেলেও সেদিনের ঘটনার পর দুষ্কৃতীরা এখনও অধরা। সিআইডি তদন্তে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় চাপের মুখে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিসিটিভি ফুটেজে অপরাধীদের ছবি ধরা পড়লেও তাদের একজনেরও নাগাল পায়নি রাজ্য পুলিশ বা সিআইডি আধিকারিকরা।
ঘটনায় এখনও ফুঁসছেন রানাঘাট সহ সারা রাজ্য।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে ওই কনভেন্ট স্কুলে পাঁচিল টপকে ঢুকে লুঠ চালানোর পাশাপাশি, স্কুলের সত্তরোর্ধ্ব সিস্টারকে ধর্ষণ করে দুষ্কৃতীরা।












Click it and Unblock the Notifications