লক্ষ্য লোকসভার লড়াই! দিল্লিতে রাহুল-সোমেন আলোচনা
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বুধবার বৈঠক করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বুধবার বৈঠক করবেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বিকেল ৩টেয় ১২ তুঘলক লেনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে সোমেন মিত্র ছাড়াও, আব্দুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যেরও উপস্থিত থাকার কথা রয়েছে বলে সূত্রের খবর। এই বৈঠক থেকেই পশ্চিমবঙ্গে বামেদের সঙঅগে জোটের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার পশ্চিমবঙ্গের জন্য নিযুক্ত এআইসিসি পর্যবেক্ষক গৌরব গগৈ-এর সঙ্গে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন সোমেন মিত্র। সংগঠন শক্তিশালী করা ছাড়াও রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে।
রাজ্যে বাম-কংগ্রেস জোটের ভবিষ্যত নিয়ে বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে, সূত্রের খবর। সিপিএম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ-সহ কংগ্রেসের জেতা ৪ আসনে তারা প্রার্থী দেবে না।
মঙ্গলবার দিল্লিতে সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে জরুরি বৈঠক করেন রাজ্য কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে জানা গিয়েছে। সিপিএম-এর সঙ্গে জোট নিয়েও তাঁরা কথা বলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অধীর চৌধুরী রাজ্যে দলের হাতে থাকা ৪ টি আসন নিয়ে রাহুল গান্ধীকে আশ্বস্ত করেছেন।












Click it and Unblock the Notifications