মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত প্রতিবাদী, খুনের হুমকি
ফের প্রতিবাদী আক্রান্ত। এবার শহর কলকাতার উপকণ্ঠে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে কটূক্তির প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে চড়াও হয়ে হামলা চালাল ইভিটিজাররা।
কলকাতা, ৩ এপ্রিল : ফের প্রতিবাদী আক্রান্ত। এবার শহর কলকাতার উপকণ্ঠে মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীকে কটূক্তির প্রতিবাদ করায় প্রতিবাদীর বাড়িতে চড়াও হয়ে হামলা চালাল ইভিটিজাররা। চাঞ্চল্যকর এই ঘটনা সল্টলেকের মহিষবাথান এলাকায়। অভিযোগ, প্রতিবাদীর মাথায় আগ্নেয়াস্ত্র ধরে খুনের হুমকি দেওয়া হয়। এরপর প্রতিবাদীর মায়ের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
ঘটনার সূত্রপাত, সল্টলেকের এক মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীকে ইভিটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে। পাড়ার কয়েকজন যুবক মহিলাকে উদ্দেশ্য করে নানা কটূ মন্তব্য করতে থাকায় প্রতিবাদ করেছিলেন মহিষবাথানের ওই যুবক। তখন তাঁর উপর চড়াও হয় ইভটিজাররা।

শুধু রাস্তায় ঘিরে ধরে তাঁকে হুমকি দিয়েও ক্ষান্ত হয়নি ইভিটিজাররা। সটান বাড়িতে ঢুকে পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে মাথায় ধরে ওই প্রতিবাদীকে খুনের হুমকি দেওয়া হয়। এরপর প্রতিবাদীর বাড়িতে যথেচ্ছ ভাঙচুর চালায় তারা। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন প্রতিবাদী যুবকের মা-ও। তাঁর শাড়ি ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনায় থানায় খুনের হুমকি ও শ্লীলতাহানিক অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তেদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।












Click it and Unblock the Notifications