Doctor Protest: 'মুখ্যমন্ত্রী চাইলে পাঁচ মিনিটে সমস্যার সমাধান', তোপ দেগে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের
Doctor Protest: 'অভয়া'কে ধর্ষণ করে খুনের ঘটনার দুমাস কেটে গিয়েছে। কিন্তু এখনও বিচার সামনে আসেনি। এই অবস্থায় যে চার্জশিট সিবিআই জমা দিয়েছে তা অত্যন্ত দুর্বল এবং হতাশাজনক বলে দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। ফলে সিবিআই যে তদন্তে অনাস্থা তৈরি হচ্ছে। এই অবস্থায় আগামীকাল সোমবার রাজভবন অভিযানের ডাক চিকিৎসকদের।
শুধু তাই নয়, রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করে সিবিআই'য়ের কাছে অনাস্থার কথা তাঁরা জানাবেন বলেও মন্তব্য আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। অভয়ার বিচার সহ ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। একই সঙ্গে ধর্মতলা এবং উত্তরবঙ্গে লাগাতার চলছে অনশন (Doctor Protest) ।

শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও বার্তা আসেনি। এই অবস্থায় ধর্মতলার অনশন মঞ্চ থেকেই এদিন ক্ষোভ উগরে দেন জুনিয়র চিকিৎসকরা। দেবাশিস বলেন, মুখ্যমন্ত্রী চাইলে পাঁচ মিনিটে সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু এখনও পর্যন্ত কোনও বার্তা দেওয়া হল না।
এই অবস্থায় আন্দোলন আরও তীব্র করার ডাক। এমনকি দাবি পূরণ না হলে অনশন তোলা হবে না বলেও হুঁশিয়ারি দেবাশিস হালদারের। তিনি জানান, আগামীকাল সোমবার রাজভবন অভিযান করা হবে। এরপরের দিন অর্থাৎ মঙ্গলবার কলকাতার সর্বত্র 'মানব বন্ধন' গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে সেদিন পুজো কার্নিভাল রেড রোডে রয়েছে।
সেদিন সিনিয়র চিকিৎসকদের তরফে 'দ্রোহের কার্নিভাল' করা হবে বলে ঘোষণা করা হয়েছে। আর তা যাতে না হয়, সেজন্য ইতিমধ্যে চিকিৎসক সংগঠনকে চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজ পান্থ। এই অবস্থায় সেদিনই 'মানব বন্ধন' গড়ে তোলার ডাক আন্দোলনকারী চিকিৎসকদের। তবে কোনও ভাবেই কার্নিভালকে আটকানো হবে না, এমনকি পুলিশকে কোনও সুযোগ দেওয়া হবে না বলেও মন্তব্য দেবাশিষদের।
তাঁদের কথা অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বত্র রাস্তার ধারে মানব বন্ধন গড়ে তোলা হবে। এমনকি জেলাতে যাতে করা হয় সেই আবেদন জানানো হয়েছে। অন্যদিকে আজ একাদশীর এক বেলা অরন্ধন পালন করার ডাক দেওয়া হয়। সেই কর্মসূচি শেষ হওয়ার পর জুনিয়ার ডাক্তারদের অনশন মঞ্চে এসে অনেকেই একে অপরকে রাখি পরিয়ে দেন।
এক্ষেত্রে আন্দোলনকারীদের ব্যাখ্যা, ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলন দেশব্যাপী ছড়িয়েছিল। সেই সময়ও সারা দেশের মানুষ এই ভাবেই অরন্ধন করে একে অপরকে রাখি পরিয়ে পালন করেছিল। আজ এমনই একটি ইতিহাসের সূচনা হল বলে দাবি।












Click it and Unblock the Notifications