হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়
প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়
করোনা মহামারি আবহে অব্যাহত রয়েছে মৃত্যু মিছিল। আর এই মিছিলে সামিল হলেন আরও এক সাহিত্যিক তথা সাংবাদিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। সোমবার ভোর রাতে গড়িয়াহাটে তাঁর বাড়িতেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। একাধিক বাংলা দৈনিক সংবাদপত্র টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন শীর্ষ বন্দ্যোপাধ্যা। জার্মানির দয়চেভেলে বেতারের বাংলা বিভাগের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। লিখেছেন বেশ কিছু উপন্যাস, ছোটগল্প ও প্রবন্ধ। সাহিত্য জগতে তিনি পরিচিত তাঁর লেখা 'শার্দুল সুন্দরী’ উপন্যাসের জন্য। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৪। শীর্ষ বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকাহত সাহিত্য মহল। তিনি শহরের এক জনপ্রিয় সংবাদপত্রের পোর্টালের দায়িত্বে ছিলেন।
সোমবার ভোর তিনটে নাগাদ তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। বাথরুমেই অচৈতন্য হয়ে পড়েছিলেন তিনি। সকালে তাঁর মেয়ে গিয়ে তাঁকে দেখতে পান। এরপর চিকিৎসক এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গত রবিবার রাতেই কোভিড পরবর্তী শারীরিক জটিলতার শিকার হয়ে প্রয়াত হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি জয় গোস্বামীও। এরকম একটা সময়ে প্রয়াত হলেন সাহিত্যিক শীর্ষ বন্দ্যোপাধ্যায়ও।












Click it and Unblock the Notifications