পরিবহণ দফতর ও কলকাতা পুলিশের উদ্যোগ, এবার থেকে বেসরকারি বাসও 'পথদিশা' অ্যাপের আওতায়
পরিবহণ দফতরের চালু করা পথদিশা অ্যাপে এবার থেকে বেসরকারি বাসের গতিবিধির খবরও মিলবে। নভেম্বরের মাঝামাঝি থেকে এই সুবিধা পাওয়া যাবে। এজন্য অর্থ দফতর থেকে কলকাতা পুলিশকে বরাদ্দ করা হয়েছে ৩৮ লক্ষ টাকা
পরিবহণ দফতরের চালু করা পথদিশা অ্যাপে এবার থেকে বেসরকারি বাসের গতিবিধির খবরও মিলবে। সূত্রের খবর নভেম্বরের মাঝামাঝি থেকে এই সুবিধা পাওয়া যাবে। এজন্য অর্থ দফতর থেকে কলকাতা পুলিশকে বরাদ্দ করা হয়েছে ৩৮ লক্ষ টাকা।

গন্তব্যে পৌঁছতে এবার শুধু সরকারি বাস নয়, বেসরকারি বাসের জন্য মিলবে পথদিশা অ্যাপের সুবিধা। অর্থাৎ বাস স্ট্যান্ডে যাওয়ার আগে নিজের মোবাইলেই বাসের খবর পেয়ে যাবেন। রাজ্য সরকারের উদ্যোগেই এজন্য, বেসরকারি বাসগুলিতে বসানো হবে জিপিএস ডিভাইস। ডিভাইসগুলির দাম বাজারদর অনুযায়ী দু থেকে আড়াই হাজার টাকা। নভেম্বরেই পথদিশা অ্যাপে বেসরকারি বাসগুলির অন্তর্ভুক্তি শেষ করা সম্ভব হবে বলে জানা গিয়েছে কলকাতা পুলিশ সূত্রে। ইতিমধ্যেই বাসমালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেছে কলকাতা পুলিশ। রুট চিহ্নিতকরণের কাজও প্রায় হয়ে গিয়েছে। বাস পথে নামলেই অ্যাপ চালু হবে, আর গ্যারাজে ফেরা পর্যন্ত এই অ্যাপ চালু থাকবে। এতে বাস মালিকদেরও সুবিধা হবে। বাস মালিকরা ঘরে বসে বাসের ওপর নজরদারি চালাতে পারবেন।
পরিবহণ দফতর সূত্রে খবর, প্রথম দফায় অ্যাপে ১০৭টি রুট যোগ করা হবে। প্রথমে ধর্মতলা থেকে হাজরা অভিমূখে যাওয়া বেসরকারি বাসগুলিতে এই পথদিশা অ্যাপ চালু করা হবে। পরে আস্তে আস্তে কলকাতাকে ছুঁয়ে যাওয়া প্রায় সবকটি রুটে এই অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে পরিবহণ দফতর এবং কলকাতা পুলিশের।












Click it and Unblock the Notifications