মাত্র ২ লক্ষ কর্মীকে প্রয়োজন পিকের, ২০২১-এ বাজিমাত করতে তৃণমূল কংগ্রেস গড়ছে নতুন ‘টিম’
বেশি নয়, গোটা রাজ্যে মাত্র দু-লক্ষ কর্মী চান প্রশান্ত কিশোর। তাহলেই কেল্লাফতে। ২০২১-এ তৃণমূলকে ফের লক্ষ্যে পৌঁছে দিতে পরিকল্পনা ছকে ফেলেছেন ভোট কৌশলী প্রশান্ত।
বেশি নয়, গোটা রাজ্যে মাত্র দু-লক্ষ কর্মী চান নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। তাহলেই হয়ে যাবে কেল্লাফতে। ২০২১-এ তৃণমূলকে ফের লক্ষ্যে পৌঁছে দিতে পরিকল্পনা ছকে ফেলেছেন ভোট কৌশলী প্রশান্ত। প্রতি বুথে তিনজন সক্রিয় কর্মী পেলেই তিনি বাজিমাত করে ছাড়বেন। সেই কারণেই রাজ্যের ৭৭ হাজার বুথে ২ লক্ষ সক্রিয় কর্মীর খোঁজ করছেন তিনি।

বুথ ভিত্তিক ‘টিম’ তৈরির পরিকল্পনা
তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ইতিমধ্যেই আলোচনা হয়েছে। তিনি বুথ ভিত্তিক ‘টিম' তৈরির কথা জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি জানিয়ে দিয়েছেন দলের সংগঠন নতুন করে সাজাতে চান তিনি। জনসংযোগ কর্মসূচির সঙ্গে তিনিই এই বুথভিত্তিক টিম তৈরিতে মন দেবেন।

প্রতি বুথে অন্তত তিনজন সক্রিয় কর্মী চাই
তিনি দলের অন্দরে প্রস্তাব দিয়েছেন, জনসংযোগ কর্মসূচির সঙ্গেই প্রতি বুথে অন্তত তিনজন সক্রিয় কর্মী চাই। বিধায়ক ও স্থানীয় নেতৃত্বকে এই দায়িত্ব নিতে হবে বলে তিনি জানান। যেখানে বিধায়ক নেই, সেখানে জেলা সভাপতি বা অন্য স্থানীয় নেতাদের এগিয়ে আসতে হবে এই কাজে। এই কর্মীদের দিয়েই বুথ স্তরে টিম তৈরি করে কাজ করবেন তিনি।

জনসংযোগের সঙ্গেই নতুন টিম তৈরির কাজ
সম্প্রতি তৃণমূল কংগ্রেস ‘দিদিকে বলো' কর্মসূচির মাধ্যমে জনসংযোগ চালাচ্ছে। এই কর্মসূচিরও প্রণেতা প্রশান্ত কিশোর। এরপর দিদিকে বলোতে ভালোই সাড়া মিলেছে। এবার নতুন এই টিম তৈরির কাজ জনসংযোগের সঙ্গেই চলবে বলে জানান তিনি।

প্রশান্ত কিশোরের নয়া টিম গড়ে দেওয়ার ভাবনা
সম্প্রতি তৃণমূল যুব সংগঠনের বৈঠকে এই প্রস্তাব দিয়েছেন প্রশান্ত কিশোর। তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তা জেলা যুব সভাপতিদের মধ্যে উপস্থাপন করেছেন। সাত দফা কর্মসূচির ব্যাখ্যায় প্রশান্ত কিশোরের নয়া টিম গড়ে দেওয়ার ভাবনা বিলিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications