দল দেখবেন অভিষেক এবং...মুখ্যমন্ত্রীর ঘোষণা, শহর জুড়ে ‘অধিনায়ক অভিষেক' নামে উড়ছে পতাকা
Abhishek Banerjee: লন্ডন উড়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই 'অধিনায়ক অভিষেক' লেখা হলুদ পতাকায় মুড়ল কলকাতার রাজপথ। শুধু তাই নয়, অভিষেকের নামকে সামনে রেখে দলীয় সমর্থকদের একাংশ 'রণকৌশল বৈঠকে'ও বসতে চলেছে বলে খবর। আর সেই বৈঠক হবে আগামী রবিবার। ইতিমধ্যে সেই সংক্রান্ত বড় বড় করে হোডিং লাগানো হয়েছে যাদবপুরে। জানা যাচ্ছে, গাঙ্গুলিবাগানের কলতান কমিউনিটি হলে সেই রণকৌশল বৈঠক হবে।
কিন্তু কীসের রণকৌশল বৈঠক। যে দলে মমতা বন্দ্যোপাধ্যায়ই শেষ কথা সেখানে 'অধিনায়ক অভিষেক' লেখা হলুদ পতাকা ঘিরেও তৈরি হয়েছে জোর বিতর্ক। জানা যাচ্ছে, এই সংক্রান্ত সমস্ত হোডিং-পতাকা 'ফ্যাম ফর টিএমসি' নামে একটি তৃণমূলের একটি গোষ্ঠী লাগিয়েছে। প্রকাশ্যে কিছু না বললেও এই গোষ্ঠীর সদস্যরা অভিষেক ( Abhishek Banerjee) অনুগামী বলেই শোনা যায়।

যদিও 'অধিনায়ক অভিষেক' নামে হলুদ পতাকা লাগানো হলেও হোডিং'য়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর ছবিও আছে। কিন্তু কীসের বৈঠক? সংগঠনের দাবি, বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে মাথায় রেখেই এই রণকৌশল। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রচারে স্ট্র্যাটেজি কি হবে তাই আগামী রবিবার আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে দাবি সংগঠনের। যদিও তৃণমূলের একটা অংশ অবশ্য পুরো বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে চাইছেন না।
বলে রাখা প্রয়োজন, বিজেপির আইটি সেলের মতো তৃণমূলেরও 'আইটি সেল' আছে। শুধু তাই নয়, তৃণমূল সমর্থকদের একাধিক গ্রুপ এবং পেজ আছে। সেখান থেকে শাসকদলের বিভিন্ন কর্মকাণ্ড, উন্নয়ন খতিয়ান সহ একাধিক বিষয়কে শেয়ার করা হয়। এবং লাইক শেয়ার করে মানুষের সামনে তুলে আনার চেষ্টা করা হয়। একয়টা মতামত তুলে ধরার চেষ্টা করা হয়। গ্রুপগুলির মধ্যে অন্যতম হল 'ফ্যাম' অর্থাৎ 'ফ্যাম ফর টিএমসি'। এবারই এই গোষ্ঠীই ময়দানে নামছে। আর তা যে অভিষেক'কে 'অধিনায়ক' মনে করেই তা স্পষ্ট ওই টাঙানো পতাকাতেই।

Abhishek Banerjee: নতুন করে দলে সক্রিয় হয়েছেন অভিষেক
গত কয়েকমাসে তৃণমূলে তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতাজি ইন্ডোরের সভাতেও 'তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড' যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। যদিও সমস্ত জল্পনা উড়িয়ে বৈঠকে ছিলেন। এমনকী গত কয়েকদিন আগে প্রায় ৪০০০ নেতা-কর্মীকে নিয়ে বড় বৈঠকও করেন ডায়মণ্ডহারবারের সাংসদ। বিধানসভা ভোটের আগে ফের সক্রিয় ভূমিকায় তিনি।
এমনকী মুখ্যমন্ত্রী লন্ডন উড়ে যাওয়ার আগে জানান, দল দেখবেন সুব্রত বক্সি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁকে একটা বড় জায়গা যে নেত্রী দিচ্ছেন আবার তা স্পষ্ট। আর তা স্পষ্ট হতেই ফের ময়দানে যুবরাজের টিমও।












Click it and Unblock the Notifications