Amit Shah In Kolkata: শহরে তৃণমূলের 'মোটা ভাই ভোট নাই' পোস্টার! মৃত্যুঘন্টা বাজবেই, বার্তা সুকান্তের
Amit Shah In Kolkata: ঐতিহাসিক সভা হতে চলেছে। এই সভা থেকে তৃণমূল সরকারের মৃত্যুঘন্টা বাজবে। এমনটাই হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। বুধবার সকাল থেকে ট্রেন-বাসে করে বহু বিজেপি নেতা-কর্মী কলকাতায় আসছেন। আর তা সরজমিনে খতিয়ে দেখতে সকাল থেকেই পথে বিজেপি শীর্ষ নেতৃত্ব।
তেমনই এদিন সকালে হাওড়া স্টেশনে পৌঁছে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর সেখান থেকেই শাসকদল তৃণমূলকে আক্রমণ করেন তিনি। অন্যদিকে শাহী সফরের (Amit Shah In Kolkata) আগে শহর জুড়ে অমিত শাহকে কটাক্ষ করে পড়ল ব্যানার-ফ্লেক্স। যেখানে লেখা, মোটা ভাই ভোট নাই।

তৃণমূলের আইটি সেলের তরফে এই পোস্টার শহরের বিভিন্ন অংশে দেওয়া হয়েছে। বিজেপির সভার আগেই তৃণমূলের এই পোস্টার ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। শুধু তাই নয়, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে অমিত শাহকে উদ্দেশ্যে করেও চিঠিও পাঠানো হচ্ছে। তৃণমূলের সমস্ত কর্মী এবং নেতারা এই চিঠি লিখেছেন। আর সেই সংখ্যা প্রায় ৫১ হাজার।
যদিও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, আজ ঐতিহাসিক সভা (Amit Shah In Kolkata) হতে চলেছে। এই সভা থেকে তৃণমূল সরকারের মৃত্যুঘন্টা বাজবে। উত্তরবঙ্গ থেকে আমাদের লক্ষ্যমাত্রা থেকেও বেশি কর্মী সমর্থকেরা এসেছেন। পুরুলিয়া থেকেও স্পেশাল ট্রেনে প্রচুর কর্মী এসে পৌঁছেছেন বলে দাবি বিজেপির রাজ্য সভাপতির।
তবে সভায় আসার পথে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। তবে কর্মীদের যা উদ্দীপনার মুড রয়েছে, বাধা দিলে তৃণমূল কংগ্রেস খড়কুটোর মতো উড়ে যাবে বলে কটাক্ষ বালুরঘাটের সাংসদের।
শুধু তাই নয়, সুকান্ত আরও বলেন, দিদিকে বলো, অভিষেককে বলো'তে আর কোনও কাজ হচ্ছে না। তাই এখন বিজেপি নেতাদের নাম নিতে হচ্ছে। তৃণমূলের নেতাদের দিয়ে কোনও কাজ হবে না। ওরা এক একটা অপকর্মের ঢেঁকি। অন্যদিকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের নাম করেও তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার।












Click it and Unblock the Notifications