সন্তোষের আগে ছিল অন্য সম্পর্ক, অন্তরা হত্যা-রহস্যে নয়া তথ্য পেল পুলিশ!
অন্তরা হত্যাকাণ্ডে এবার কলকাতা যোগ খুঁজে পেল পুলিশ। পুনেতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার অন্তরা দাসের মোবাইলের কললিস্ট পরীক্ষা করে এক পুরনো বন্ধুর খোঁজ পেয়েছেন পুলিশের তদন্তকারী অধিকারিকরা।
কলকাতা, ২৮ ডিসেম্বর : অন্তরা হত্যাকাণ্ডে এবার কলকাতা যোগ খুঁজে পেল পুলিশ। পুনেতে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার অন্তরা দাসের মোবাইলের কললিস্ট পরীক্ষা করে এক পুরনো বন্ধুর খোঁজ পেয়েছেন পুলিশের তদন্তকারী অধিকারিকরা। অন্তরার ওই পুরনো বন্ধুর বাড়ি কলকাতায়। মৃত্যুর কয়েকদিন আগে তাঁর ফোনে কথা হয় বলেও জানতে পেরেছে। এখন সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা।
অন্তরা হত্যা-রহস্যের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে সন্তোষের আগে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল অন্তরার। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেই কলকাতার ওই বন্ধুর সঙ্গে অন্তরার পরিচয় হয়েছিল। তারপর ফোনেই তাঁদের কথা হত। যোগাযোগ থাকত সোশ্যাল সাইটেই। কলকাতায় গিয়ে তাঁরা দেখা করেছেন কি না, দেখা করলেও তাঁদের মধ্যে কোনও সম্পর্ক তৈরি হয়েছিল কি না, সেই ব্যাপারটিই জানতে চাইছে পুলিশ।

কিন্তু বেশ কিছুদিন তাঁদের মধ্যে আর কোনও যোগাযোগ ছিল না। কেনই বা কলকাতার বন্ধুর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় অন্তরার, এই হত্যার তদন্তে তা জানা জরুরি। এদিকে সন্তোষকে আটক করে প্রায় দু'দিন ধরে জেরা চলছে। এখনও তাঁকে গ্রেফতার করেনি পুলিশ। তবে কি সন্তোষের বিরুদ্ধে এমন কোনও প্রমাণ পায়নি পুলিশ, যাতে প্রমাণিত হতে পারে সেই খুন করেছে? তবে কে খুন করল? তা নিয়ে সপ্তাহকাল পরেও ধোঁয়াশা পুলিশ।
আপাতত অন্তরার কলকাতার বন্ধু ও পুনের এক বান্ধবীকে জেরা করে পুলিশ নিশ্চিত হতে চাইছে, ঠিক কী কারণে এই খুন। কলকাতায় এসে অন্তরার বোন সঞ্চারীকেও জেরা করতে পারে বলে জানা গিয়েছে। আসলে অন্তরার সঙ্গে তাঁর যমজ বোনের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। অন্তরা সব কথাই বলত বোন সঞ্চারীকে। তাই সন্তোষকে সঞ্চারীর সঙ্গে বসিয়ে জেরা করতেও চাইছে পুলিশ।












Click it and Unblock the Notifications