বিবেকানন্দ উড়ালপুল কাণ্ডে চার্জশিট পেশ করল পুলিশ
কলকাতা, ২৮ জুন : পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়া কাণ্ডে তিনমাসের মধ্যেই চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। চার্জশিটে উড়ালপুলের নির্মাতা সংস্থা আইভিআরসিএল-এর কয়েকজন কর্তার নাম রয়েছে বলে জানা গিয়েছে। [ঠিক যে যে কারণে ভেঙে পড়ল বিবেকানন্দ উড়ালপুল!]
কাজ করতে গিয়ে গাফিলতি ও ব্যর্থতার কারণ দেখিয়েই চার্জশিট তৈরি হয়েছে। ফলে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে পুলিশ। উড়ালপুল তৈরিতে নিম্নমানের সামগ্রীর বিষয়টিও চার্জশিটে উল্লেখ করেছে পুলিশ। [ভেঙে পড়া বিবেকানন্দ সেতুর ভয়াবহ দৃশ্য একনজরে]

গোটা ঘটনায় হায়দ্রাবাদের উড়ালপুল নির্মাণ সংস্থা আইভিআরসিএল ও কেএমডিএ-র গাফিলতি ও নজরদারির অভাব স্পষ্ট হলেও কেএমডিএ-র কোনও আধিকারিকের নাম চার্জশিটে উল্লেখ করা হয়নি বলে জানা গিয়েছে।
এক্ষেত্রে পুলিশের যুক্তি, রাইটস (রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক সার্ভিস) এর এবং শিল্পজাত পণ্য পরীক্ষাকেন্দ্র হায়দ্রাবাদের ন্যাশনাল টেস্ট হাউসের রিপোর্ট এলেই তা দেখে আর কাউকে এই মামলায় অভিযুক্ত করা যায় কিনা তা ফের খতিয়ে দেখা হবে। তারপর সিদ্ধান্ত নেবে পুলিশ।
প্রসঙ্গত, গত ৩১ মার্চ ভরদুপুরে ভেঙে পড়ে নির্মীয়মান বিবেকানন্দ উড়ালপুল। তৈরির সময়ে নানা ক্রুটি ও কর্তব্যে অবহেলা ও গাফিলতির কারণেই এই বিপর্যয় বলে নানা তথ্য সামনে উঠে আসে। ঘটনায় প্রাণ হারান অন্তত ২৭ জন ও জখম হন ৮০ জনের বেশি মানুষ।












Click it and Unblock the Notifications