ছাত্রীর যৌননিগ্রহে প্রতিবাদী অভিভাবকদের উপর লাঠিচার্জ, প্রশ্নে পুলিশের ভূমিকা
রানিকুঠির জিডি বিড়লা স্কুলের পর বেহালার জেমস লং সরণীর এম পি বিড়লা স্কুল চত্বরও উত্তাল হয়ে উঠল অভিভাবক-পুলিশ খণ্ডযুদ্ধে। রণক্ষেত্রের চেহারা নেয় এমপি বিড়লা স্কুল।
ছাত্রীর যৌননিগ্রহের প্রতিবাদ-বিক্ষোভ ছত্রভঙ্গ করতে অভিভাবকদের উপর লাঠিচার্জ করল পুলিশ। রানিকুঠির জিডি বিড়লা স্কুলের পর বেহালার জেমস লং সরণীর এম পি বিড়লা স্কুল চত্বরও উত্তাল হয়ে উঠল অভিভাবক-পুলিশ খণ্ডযুদ্ধে। সোমবার সকাল থেকেই এই স্কুলেও ছাত্রীর যৌন নিগ্রহের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ চালাচ্ছিলেন অভিভাবকরা। বিকেলে রণক্ষেত্রের চেহারা নেয় এমপি বিড়লা স্কুল।

বিক্ষোভ চলাকালীন বাসে করে স্কুলের স্টাফদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভেবে বাধা দেন অভিভাবকরা। তখনই পুলিশ বিক্ষুব্ধ অভিভাবকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। অভিযোগ মহিলাদের উপরও অবাধে লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ-প্রশাসনের ভূমিকা।
গত ১৩ সেপ্টেম্বর বেহালার বেসরকারি এই স্কুলের এক ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনা ঘটে। ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন ছাত্রীটির ভবিষ্যতের কথা ভেবে অভিভাবকরা চুপ করেছিলেন। কিন্তু জিডি বিড়লার নিন্দনীয় ঘটনার পর এম পি বিড়লা স্কুলের আড়াই মাস আগের ঘটনাও প্রকাশ্য চলে আসে।

এই স্কুলেও দফায় দফায় বিক্ষোভ শুরু হয়। এদিন সকালে বিক্ষোভের খবর পেয়ে বিদ্যালয় পরিচালন সমিটির সদস্যরা হাজির হন। দোষীদের শাস্তির আশ্বাস সত্ত্বেও বিক্ষোভ প্রশমিত হয়নি। শেষমেশ বেহালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। স্কুলে আটক শিক্ষক-অশিক্ষক কর্মীদের উদ্ধার করতে তৎপর হয়।
সেইসময়ই একটি বাস স্কুলের ভিতর থেকে বেরিয়ে আসতেই উত্তেজনা তৈরি হয়। অভিভাবকরা বাস আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। বাসটিকে ভাঙচুরেও উদ্যত হয়। এই পরিস্থিতিতে পুলিশ মহিলা বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে বলে অভিযোগ। অভিভাবিকাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের।
অভিভাবকদের অভিযোগ, নিগৃহীতা ছাত্রীর বাবাকেও মারধর করে পুলিশ। গত ১৫ সেপ্টেম্বর বেহালা থানায় অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও দুই অশিক্ষক কর্মীকে গ্রেফতার করতে পারেনি। স্কুল কর্তৃপক্ষও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তারই জেরে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভের মুখে পড়ে এদিন এক অভিযুক্তকে সাসপেন্ড করা হয়। তবে ওই অশিক্ষক কর্মী এখনও পলাতক। পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।












Click it and Unblock the Notifications