তোলাবাজির ঘটনায় গ্রেফতার বহিঃস্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম
কলকাতা, ২৬ এপ্রিল : একসময়ে এই লোকটাই ছিল দলের 'তাজা নেতা'। কারও কারও মতে দলের 'সম্পদ'। সেই একদা দোর্দণ্ডপ্রতাপ আরাবুল ইসলামকে এদিন তোলাবাজির অভিযোগে রাজারহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি নির্মীয়মান বহুতলের মালিক ও কর্মীদের তোলা চেয়ে হুমকি, মারধরের অভিযোগে বিধাননগর থানার পুলিশ আরাবুলকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

এর আগে গতবছরের ২৮ অক্টোবর ভাঙড়ের ত্রাস আরাবুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। জানানো হয়, ছ'বছরের জন্য তাঁকে থাকতে হবে দলের বাইরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ভাঙড়ের এই দাপুটে তৃণমূল নেতা তথা একসময়ের 'দলের সম্পদ' আরাবুল ইসলামকে নিয়ে বিতর্কের অন্ত ছিল না। কখনও কলেজের শিক্ষিকাকে জলের জগ ছুড়ে মারা, কখনও তোলা না পেয়ে মারধর ইত্যাদি অভিযোগে বারবার কাঠগড়ায় উঠেছেন তিনি।
গতবছরের শেষে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুনোখুনির ঘটনা ঘটায় ফের বিতর্কে জড়ান আরাবুল ইসলাম। তারপরই তাকে নিয়ে ক্রমাগত অস্বস্তি বাড়তে থাকায় তাকে ঝেড়ে ফেলার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। ছ'বছরের জন্য তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।












Click it and Unblock the Notifications