চেনা বেলুড়ে দু'বছর পর পৌঁছে ভাবে বিভোর প্রধানমন্ত্রী, গেলেন দক্ষিণেশ্বরেও
কলকাতা, ১০ মে : আবহটা এমনি এমনিই যেন তৈরি হয়ে গিয়েছিল। সবারই জানা ছিল যে রাজ্য সফরে এসে বেলুড় মঠ ও সঙ্গে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে আসবেন তিনি, দেশের প্রথম ব্যক্তি যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসাকালীনই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে এলেন। শুধু এলেন বললে ভুল হবে, একেবারে সাধারণ ভক্তের মতো করে সামগ্রিক বিষয়টিকে আপন করে নিলেন।
এদিন সকাল ৭ টা ৫০ মিনিটের আশেপাশে রাজ্য সফরের দ্বিতীয় তথা শেষ দিনে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে গর্ভগৃহের ভিতরে গিয়ে মাকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পুজো দেওয়ার পর শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের ঘরে যান প্রধানমন্ত্রী। সেখামে কিছুক্ষণ থেকে ধ্যানও করেন। এছাড়াও ঘুরে দেখেন মা সারদার ঘর, ব্রহ্মানন্দজীর ঘর ও পঞ্চবটীতলাও।

এরপর সকাল ৮ টা ১৫ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী তাঁর বড়ই আপন বেলুড় মঠে যান। প্রায় দুই বছরের মাথায় ফের বেলুড় মঠে এলেন নরেন্দ্র মোদী। সেখানে পুজো দেওয়ার পাশাপাশি স্বামীজির ঘরেও ধ্যান করেন তিনি। এরপর গঙ্গা লাগোয়া তিনটি মন্দির পরিদর্শন করেন তিনি। মন্দিরের পক্ষ থেকে তাঁর হাতে স্বামীজির বই ও আরও কিছু বইয়ের সংকলন তুলে দেওয়া হয়েছে।
সেখান থেকে বার্নপুরের উদ্দেশে রওনা হয়ে যান প্রধানমন্ত্রী। এদিন সকাল থেকেই তাঁর সফরসঙ্গী ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা ও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এদিন দুপুরেই দিল্লি উড়ে যাবেন প্রধানমন্ত্রী।












Click it and Unblock the Notifications