ফেল-কাণ্ডে পার্থর বাড়িতে জরুরি বৈঠকে উপাচার্য, কোন পথে মিলল সমাধান
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ পার্ট ওয়ানের খারাপ ফলাফল নিয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বৈঠক করেন। বৈঠকের পর তিনি বলেন, 'আমার আমলে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমি এর দায়িত্বও এড়িয়ে যেতে পারি না।'

তিনি বলেন, 'এটা স্পর্শকাতর বিষয়। ফলে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তারপর সেই সিদ্ধান্ত যথাযথ প্রয়োগও করতে হবে।' কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনায় শনিবারই হস্তক্ষেপ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি সোমবার বিকাশভবনে তলব করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্টারকে।
তবে তারপর একদিন আগেই অর্থাৎ রবিবার তাঁর বাড়িতে বৈঠক ডাকেন তিনি। সেইমতো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-সহ আধিকারিকরা পার্থবাবুর বাড়িতে গিয়ে বৈঠক করেন। সেই বৈঠক শেষে আশার কথা শুনিয়েছেন উপাচার্য। তাঁরা সিন্ডিকেটে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন পার্থবাবু জানতে চান, কী কারণে এমন ঘটনা ঘটল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে। এত সংখ্যক পরীক্ষার্থীর ফেল করার কারণ কী? অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, অনার্স পেপারে পাস করলেও, পাস সাবজেক্টে ডাহা ফেল করেছেন পরীক্ষার্থীরা। কীভাবে এই ঘটনা সম্ভব হল, কোথায় সমস্যা তা জানতে চান শিক্ষামন্ত্রী। সেইমতো আলোচনা হয়। এবার থেকে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। তার কোনও প্রভাব এই ফলাফলের উপর পড়ল কি না, তা নিয়েও আলোচনা হয়।
উল্লেখ্য, এবার কলকাতা বিএ পার্ট ওয়ানের পরীক্ষায় ফেল করেন ৫৭ শতাংশ পরীক্ষার্থী। শুধু বিএ-তেই নয়, বিএসসি-তেও খারাপ ফল হয়েছে এবার। বিএসসি-তে ফেল করেছেন ২৯ শতাংশ ছাত্রছাত্রী। পাস ও অনার্স- দুই বিভাগেই এমন হতাশজনক ফলাফল হয়েছে এবার। বিএ পার্ট ওয়ান-এ সব মিলিয়ে পাসের হার ছিল ৪৩ শতাংশ, আর বিএসসি-তে পাশের হার ৭১ শতাংশ। এই ফলাফল প্রকাশের পরই শিক্ষামহলে শোরগোল পড়ে যায়।












Click it and Unblock the Notifications