পার্ক সার্কাস-পরমা আইল্যান্ড উড়ালপুলের ভবিষ্যৎ সঙ্কটেই

পার্ক সার্কাস-পরমা আইল্যান্ড উড়ালপুল ঘিরে এখন এই প্রশ্নই দানা বেঁধেছে। পার্ক সার্কাস রেলসেতু থেকে সাত মাথার মোড় পর্যন্ত বাকি অংশে কেউ নির্মাণকাজ করতে রাজি হয়নি। ফলে গোটা প্রকল্প সম্পন্ন হওয়ার বিষয়টি বিশ বাঁও জলে।
কলকাতার অসহনীয় যানজট কাটিয়ে মহানগরে গতি আনতে কয়েকটি উড়ালপুল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই বামফ্রন্ট আমলেই। পার্ক স্ট্রিট উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, এ জে সি বোস রোড উড়ালপুল ইত্যাদি উড়ালপুলগুলি নির্মিত হয়। পার্ক সার্কাস-পরমা আইল্যান্ড উড়ালপুল নির্মাণের কাজও শুরু হয় বামফ্রন্ট সরকারের আমলে। নতুন সরকার ক্ষমতায় এসে এই উড়ালপুল নির্মাণের কাজ শেষ করতে উদ্যোগ নেয়। যদিও সরকারি দীর্ঘসূত্রিতার কারণে প্রকল্প বাবদ যা খরচ ধরা হয়েছিল, তা বেড়ে গিয়েছে। শুরুতে ৩১৮ কোটি টাকা খরচ ধরা হলেও পরে সংশোধিত খরচ হয় ৪৬১ কোটি টাকা। অর্থাৎ ১৪৩ কোটি টাকা বেশি। কিন্তু তাতেও সঙ্কট কাটেনি।
পার্ক সার্কাস রেলসেতু থেকে সাত মাথার মোড় পর্যন্ত উড়ালপুলের বাকি অংশের নির্মাণের বিষয়ে কথা বলতে গত ৮ জানুয়ারি একটি বৈঠক ডেকেছিল কেএমডিএ। তাতে মুম্বইয়ের এইচসিসি ও গ্যামন, চণ্ডীগড়ের সিংলা গোষ্ঠী এবং কলকাতার সিমপ্লেক্স ও আইটিডি এসেছিল। এদের টেন্ডার জমা দিতে বলা হয়। মুখে আশ্বাস দিলেও দু'সপ্তাহ পরও এরা টেন্ডার জমা দেয়নি। বোঝা যাচ্ছে, কোনও কারণে এই নির্মাণ সংস্থাগুলি আর উড়ালপুলের কাজ করতে আগ্রহী নয়। ওয়াকিবহাল মহলের খবর, নির্মাণকাজ বাবদ অতিরিক্ত টাকা দাবি করছে সংস্থাগুলি। রাজ্য সরকার তাতে রাজি নয়। এর জেরে তারা পিছু হটেছে।












Click it and Unblock the Notifications