Panchayat Election 2023: মনোনয়নে বিরোধীদের বাধাদানে কড়া হাইকোর্ট! কলকাতা পুলিশকে কী নির্দেশ বিচারপতি মান্থার?
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কারণে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারছেন না। এই অভিযোগ পেয়েই কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের।
কলকাতা পুলিশকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিলেন এসকর্ট দিয়ে হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা করার জন্য অনতিবিলম্বে গন্তব্যে নিয়ে যেতে হবে।

মিনাখায় মনোনয়নে বাধাদান প্রসঙ্গে সিপিআইএম, ক্যানিং এবং গোটা বসিরহাটে মনোনয়ন জমা না দিতে পারা বিজেপি ও ভাঙড়ে মনোনয়ন জমা দিতে না পেরে আইএসএফ প্রার্থীরা উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলাগুলি একসঙ্গে ওঠে বিচারপতি মান্থার এজলাসে। বিচারপতি বলেন, যে কোনওভাবে মনোনয়ন জমার ব্যবস্থা করতে হবে রাজ্যকে। পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক।
যে জায়গাগুলি নিয়ে অভিযোগ অবিলম্বে সংশ্লিষ্ট থানাগুলিকে পদক্ষেপ করতে বলার জন্য রাজ্য সরকারের আইনজীবীকে বলেন বিচারপতি। বিজেপির অভিযোগ, মিনাখা, হাড়োয়া- সহ বসিরহাটের চার ব্লকে কেউ মনোনয়ন জমা দিতে পারছেন না। রাজ্য আদালতে যা-ই বলুক, গ্রাউন্ড রিয়ালিটি আলাদা।

রাজ্য সরকারের তরফে জানানো হয়, মিনাখার সিপিআইএমের চারজন নেতাকে ডেকে মনোনয়ন জমা দিতে যাওয়ার জন্য পুলিশ ডাকাডাকি করে। কিন্তু তাঁরা যাননি। সঙ্গে সঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, এটা শুধু একটা জায়গার জন্য নয়, পুলিশ জায়গা বলুক। সব প্রার্থী সেখানে জড়ো হোক। পুলিশ সেখান থেকে নিয়ে গিয়ে মনোনয়নের জায়গায় নিয়ে যাক।
রাজ্য সরকারের আইনজীবী তখন হলেন, এটা কি বাড়াবাড়ি নয়! ভোটে দাঁড়াবেন, অথচ পুলিশ বাড়ি থেকে নিয়ে গিয়ে প্রার্থী করে দেবে, এটা হয় না। বিচারপতি তখন বলেন, দুষ্কৃতীরা অপহরণ করছে বলেও অভিযোগ। পুলিশের তো দায়িত্ব আছে। কে বাধা দিচ্ছে আমি সেই জায়গায় যাচ্ছি না, কিন্তু পুলিশের দায়িত্ব বাধা এলে তাঁদের নিরাপত্তা দেওয়া।

রাজ্য সরকারের তরফে তখন বলা হয়, পুলিশের পক্ষে হাজার হাজার লোককে মনোনয়ন দিতে নিয়ে যাওয়া সম্ভব? এই সওয়াল জবাব চলার পর বিচারপতি বলেন, হাইকোর্টে আসা বিভিন্ন এলাকার বিরোধী প্রার্থীদের বসিরহাট, ক্যানিং, ভাঙড়, কাশীর পৌঁছতে কলকাতা পুলিশকে এসকর্ট দিতে হবে। সকলে যাতে সময়ের মধ্যে পৌঁছতে পারেন মনোনয়নস্থলে সেই ব্যবস্থা রাজ্যকে করতে হবে।
হাইকোর্টে উপস্থিত সব প্রার্থীকে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছতে হবে। বাকি প্রার্থীরা এলাকার থানা আবার কোথাও এসপি অফিসে এখনই হাজির হবেন। তাঁদের পুলিশ নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যাবে। রাজ্যের আপত্তি উড়িয়ে আইনজীবীকে বিচারপতি মান্থার কটাক্ষ, পুলিশের জন্য আপনার উদ্বেগকে বাহবা দিয়েও বলছি সংবিধান রক্ষার স্বার্থে কলকাতা পুলিশ এসকর্ট করে তাঁদের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে। এটা জরুরি।
গতকাল সকাল ৯ টা থেকে আজ সন্ধ্যা ৭ টা পর্যন্ত যেখানে ভোটের মনোনয়ন জমা নিয়ে গোলমাল হয়েছে, সেইসব থানার ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করারও নির্দেশ দেন বিচারপতি।












Click it and Unblock the Notifications