Panchayat Election 2023: সৌমিত্র পেলেন রক্ষাকবচ, বিজেপি সাংসদের বিরুদ্ধে জোড়া এফআইআর নিয়ে কী বলল হাইকোর্ট?
Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে স্বস্তি পেলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হয়েছিল। সৌমিত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
আজ হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, ১৫ জুলাই পর্যন্ত জোড়া এফআইআরের প্রেক্ষিতে সৌমিত্রর বিরুদ্ধে বড় পদক্ষেপ করা যাবে না।

সৌমিত্র খাঁ এখন বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে ঝড় তুলেছেন। আজ বাঁকুড়া জেলায় সভা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সাড়ে তিনটেয় খাতরায় হুল দিবস উদযাপন অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু। এরপর বাঁকুড়া সদরের গোড়াবাড়ি ও বাঁকুড়ার গঙ্গাজলঘাটীতে দুটি সভা রয়েছে।
সৌমিত্রর আদালত থেকে স্বস্তি পাওয়ার বিষয়ে বিজেপি নেতৃত্ব কী বলেন সেটা দেখার। বিজেপি-সহ বিরোধী দলের যাঁরাই গ্রেফতার হওয়ার আশঙ্কা করছেন তাঁদের অবিলম্বে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ ইতিমধ্যেই দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সৌমিত্রর বিষয়টি সেই কৌশলকে আরও জোরদার করল।

কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী রক্ষাকবচ এদিন পেলেন সাংসদ সৌমিত্র খাঁ। ১৩ এপ্রিল তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় ১৫ জুলাই পর্যন্ত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। প্রয়োজনে সৌমিত্র এফআইআর খারিজের আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে আদালত।

উল্লেখ্য, সোনামুখী থানায় বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে একের পর এক মামলায় তিনি হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ সাংসদ সৌমিত্র খাঁর। আইসি র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে কু-মন্তব্য করার অভিযোগ এনে থানার এক এসআই অভিযোগ দায়ের করেন। সেখানে ৩৫৪ এ ধারা যুক্ত করে আইসির পরিবারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য অভিযোগ করা হয় সৌমিত্রর বিরুদ্ধে।
আদালতে রাজ্য সরকারের আইনজীবী বলেন, ভোটের মুখে রক্ষাকবচ দিলে আমরা আপত্তি করছি না। কিন্তু ধারা প্রয়োগ নিয়ে হস্তক্ষেপ করলে আমাদের আপত্তি আছে। কারণ একজন সাংসদ যে ভাষায় আইসি ও তাঁর পরিবার সম্পর্কে মন্তব্য করেছেন সেটা প্রবল আপত্তিজনক।












Click it and Unblock the Notifications