পঞ্চমীর বিকেলে কলকাতায় জুনিয়র চিকিৎসকদের মিছিল, ফের উঠল জোরালো প্রতিবাদ
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা মহামিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। সেই কথা মেনে মেডিক্যাল কলেজ থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল করার বার্তা দেওয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। আজ মঙ্গলবার বিকেলে সেই মিছিল শুরু হল।
সাধারণ মানুষদেরও এই মিছিলে উপস্থিত থাকতে আহ্বান করা হয়। সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও। ফের রাজ্য সরকারকে বড় বার্তা দেওয়ার ইঙ্গিত আন্দোলনকারীদের। ধর্মতলার অনশন মঞ্চেও প্রতিবাদের স্বর জোরালো হচ্ছে।

বিকেল সাড়ে চারটে নাগাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে মিছিল শুরু হয়। রাজ্য সরকারের কাছে ১০ দফা দাবি আরও জোরালো করা হচ্ছে। গতকাল রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিক সম্মেলনে আন্দোলনকারীদের কাজে ফেরার বার্তা দিয়েছেন। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনও সরাসরি বার্তা দেওয়া হয়নি৷
পঞ্চমীর বিকেলে রাজপথে মিছিল শুরু হয়। কলকাতা শহরের রাস্তা উৎসবে আলো ঝলমলে। বিজ্ঞাপনে রাস্তার বিভিন্ন অংশ ঢাকা পড়েছে। সেই রাজপথ দিয়েই এগিয়ে যায় প্রতিবাদ মিছিল। আজ দুপুরেই আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও এই বিষয়ে বার্তা দিয়েছেন সরকারকে।
ফলে পরিস্থিতি আগামী দিনে কোন পথে যাবে? তাই নিয়ে প্রশ্ন থাকছে। এদিনের মিছিলে বহু সাধারণ মানুষের পাশাপাশি অভিনেতা - অভিনেত্রীরাও অংশ নিয়েছিলেন। জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকও করা হয়েছে এদিন।
কিঞ্জল নন্দা বলেন, আর কোনও অভয়ার ঘটনা যাতে না ঘটে। রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়া। এই সব ১০ দফা দাবিতে আন্দোলন চলছে। সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দিয়েছেন। এদিকে নবান্নে আরজি কর হাসপাতালের প্রিন্সিপালকে তলব করা হয়েছে। কী কারণে তাঁকে তলব করা হয়েছে, জানা নেই৷ জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন করছেন। সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।












Click it and Unblock the Notifications