পাম অ্যাভিনিউয়ে মা ও যমজ ছেলে খুন, সন্দেহের তির আহত বাবার দিকে
কলকাতা, ১৬ জানুয়ারি : দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে মা ও দুই যমজ ছেলেকে গলার নলি কেটে খুন করা হল। ঘটনার পর তাদের বাবাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
এদিন সকালে জেসিকা ফনসেকা ও তাঁর দুই ছেলে ড্যারেন ও জোসুয়া ফনসেকার রক্তাক্ত দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। প্রত্যেকের দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জেসিকার স্বামী নীল ফনসেকাকে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে চোট গুরুতর নয়।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নীল ও জেসিকার মধ্যে কিছুদিন ধরেই গোলমাল চলছিল বলে জানা গিয়েছে। এরপর গতকাল রাতে গোটা পরিবার অভিজাত ক্লাবে পার্টি করে রাতে ফেরেন।
রাতে বাড়ি ফেরার পরে ফ্ল্যাটে গোলমালের শব্দ শোনেন প্রতিবেশীরা। এরপরই এদিন সকালে মা ও ছেলেদের নিথর দেহ উদ্ধার হয়।
পুলিশি তদন্তে নীল ফনসেকা জানিয়েছেন, তার স্ত্রী জেসিকাই দুই ছেলেকে খুন করেছেন। আর সেটা দেখে রাগের মাথায় স্ত্রীকে খুন করেছেন তিনি। যদিও এই বক্তব্যকে এখনই মান্যতা দিতে রাজি নয় পুলিশ। পুরোটাই তদন্তসাপেক্ষ ব্যাপার বলে জানানো হয়েছে।
ঘটনার তদন্তে নেমেছে কড়েয়া থানার পুলিশ ও কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। শুক্রবার রাতে এই কাণ্ড যখন হচ্ছিল তখন জেসিকা ও নীলের মেয়ে সামান্থা ও জেসিকার বোন শাবানা অন্য ঘরে ঘুমোচ্ছিলেন বলে জানা গিয়েছে। এই দুজনকে জেরা করেই তদন্ত এগোতে চাইছে পুলিশ।












Click it and Unblock the Notifications