করোনা আক্রান্ত কলকাতার মেয়রের ওএসডি এবং পুর কমিশনার! কন্টেইনমেন্ট জোন বৃদ্ধি পাবে, বললেন ফিরহাদ হাকিম
এবার করোনা আক্রান্ত কলকাতার (Kolkata) মেয়র (Mayor) ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ওএসডি (OSD)। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন পুর কমিশনারও (Municipal Commissioner) । তাঁরা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। বর্তমান পরিস
এবার করোনা আক্রান্ত কলকাতার (Kolkata) মেয়র (Mayor) ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ওএসডি (OSD)। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন পুর কমিশনারও (Municipal Commissioner) । তাঁরা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে কলকাতায় কন্টেইনমেন্ট জোন (Containment Zone) বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। অন্যদিকে করোনা আক্রান্ত বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসকে মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

করোনা আক্রান্ত মেয়রের ওএসডি ও পুর কমিশনার
করোনা আক্রান্ত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সদস্যরা। এক্ষেত্রে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের ৫ সদস্যই করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমারও। দুই ক্ষেত্রেই আক্রান্তরা বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন।

মঙ্গলবার বাড়ি ফিরবেন অরূপ বিশ্বাস
এদিকে দিন কয়েক আগে করোনা আক্রান্ত হয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের শারীরিত অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁর শরীরের সবকটি প্যারামিটারই স্বাভাবিক থাকায় চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এরপর তাঁকে বাড়িতেই হোম আইসোলেশনে থাকতে হবে।

কলকাতায় বাড়বে মাইক্রো কন্টেইনমেন্ট জোন
বর্তমানে রাজ্যের মধ্যে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক। ইতিমধ্যেই প্রথম দফায় ১১ টি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে কলকাতা পুরসভা। বড় এলাকাকে নিয়ে নয়, কোনও আবাসনে ৫ জন আক্রান্ত হলেই তাকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। বর্তমান পরিস্থিতিতে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পুলিশের সাহায্য নিয়ে অনেক বেশি সংখ্যায় মাইক্রো কন্টেইনমেন্ট জোন করার ওপরে জোর দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। শহরের কিছু এলাকায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে পুরসভার চিকিৎসকদের একাংশ স্বীকার করে নিয়েছেন।

কয়েকটি বরোতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে ৭,৮,৯ ও ১০ নম্বর বরোতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এলাকাগুলির মধ্যে রয়েছে আলিপুর, নিউ আলিপুর, হাজরা, ভবানীপুর, কালীঘাট, রাসবিহারী, গড়িয়াহাট, যাদবপুর এবং টালিগঞ্জ। বিভিন্ন জায়গায় পুরসভার তরফে প্রচারও চালানো হচ্ছে।

করোনা আক্রান্ত মালদহের জেলাশাসক-অতিরিক্ত জেলাশাসকও
অন্যদিকে করোনা আক্রান্ত হয়েছেন মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্র। এছাড়াও অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। অসুস্থতা বোধ করায় করোনা পরীক্ষা করান রাজর্ষি মিত্র। সোমবার তার রিপোর্ট আসে। তাঁরা দুজনেই নিজের বাংলোয় আইসোলেশনে আছেন বলে জানা গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে মালদহ বইমেলা বাতিল বলে ঘোষণা করেছেন মালদহের জেলাশাসক।












Click it and Unblock the Notifications