Guillain Barre Syndrome: বাড়ছে আতঙ্ক, কলকাতায় গুলেন বারি সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু ছাত্রের
Guillain Barre Syndrome: স্বাস্থ্য ক্ষেত্রে ভয় ধরাচ্ছে গুলেন বারি সিনড্রোম বা জিবিএস। একেবারে বিরল এই স্নায়ুরোগে ইতিমধ্যে মুম্বই-পুনেতে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের মধ্যেই বেশির ভাগই ছোটরা। ইতিমধ্যে মুম্বইতে একজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। যা নিয়ে আতঙ্ক আরও তীব্র হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই বাংলাতেও গুলেন বারি সিনড্রোমে আক্রান্তের খোঁজ সামনে এসেছে।
শুধু তাই নয়, একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলেও জানা যাচ্ছে। যা খবর, দ্বাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আর এটাই রাজ্যে নয়া এই রোগে (Guillain Barre Syndrome) আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। যদিও এই বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য সামনে আসেনি।

তবে চিকিৎসকরা বলছেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। গুলেন বারি সিনড্রোম বা জিবিএস বিরল কোনও রোগ নয়। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণির ওই ছাত্র আমডাঙা ব্লকের বেড়াবেরিয়া পঞ্চায়েতের টাবাবেরিয়ে গ্রামের বাসিন্দা। পরিবারের একটাই সন্তান ছিল সে।
উত্তর ২৪ পরগণার বারাসতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। হঠাত তাঁর মৃত্যুর খবর সামনে আসতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে।
জানা যাচ্ছে, গত কয়েকদিন আগে হঠাত করেই গলা ব্যথা হয়েছিল পরিবারকে জানিয়েছিল ওই ছাত্র। পরে জ্বরও আসে। পরিবার ভাবে সাধারণ ঠান্ডা লাগা। সেই মতোই ওষুধ দেওয়া হয়। কিন্তু এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। হঠাত করে পা অবশ হতে শুরু করে। দাঁড়ানোর ক্ষমতা প্রায় কমতে শুরু করে। শুধু পা নয়, হাত এবং শরীরের বিভিন্ন অংশ অবশ হতে শুরু করে।
ওই পড়ুয়াকে একেবারে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বারাসত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও ক্রমশ শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। এরপরেই এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের অভিযোগ, প্রথমে সেখানে ভর্তি নিচ্ছিল না। পরে ভর্তি নিলেও সেই মতো চিকিৎসা করা হয়নি বলে অভিযোগ।
সময় মতো ইঞ্জিকেশন দেওয়া হয়নি বলেও অভিযোগ। শুধু তাই নয়, পরিবারের দাবি, চিকিৎসকরা প্রথমে ডায়লেশিস করবেন বলে ঠিক করলেন, এরপর বলা হল প্লাজমা চিকিৎসা করা হবে। কিন্ত্যু কিছুই করা হয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে, মৃতের ডেথ সার্টিফিকেটে Guillain Barre Syndrome এর উল্লেখ আছে।












Click it and Unblock the Notifications