Amit Shah: মাত্র আড়াই ঘন্টার সফরে আসছেন কলকাতায়! অমিত শাহ কি লোকসভা ভোটের প্রচার শুরু করবেন, জল্পনা তুঙ্গে
Amit Shah: বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে রাজ্য বিজেপির সভা। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে ভিক্টোরিয়া হাউজের সামনে সভা করার অনুমতি পেয়েছে বিজেপি।
জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর হবে মাত্র আড়াই ঘন্টার। জনসভায় ভাষণ দেওয়ার পরেই অমিত শাহ ফিরে যাবেন। অনেকেই মনে করছেন, সেদিন অমিত শাহ ২০২৪-এর লোকসভা নির্বাচনের বিউগেল বাজিয়ে দেবেন।

বিজেপি হল প্রথম রাজনৈতিক দল, যারা তৃণমূল যেখানে ২১ জুলাই বার্ষিক শহিদ দিবসের অনুষ্ঠান করে, সেখানে সভা করার অনুমতি পেয়েছে আদালতের নির্দেশে। আর সেই সভা ভরাতে নানা পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি।
এক বিজেপি নেতা বলেছেন, তারা অমিত শাহের কাছ থেকে লোকসভা নির্বাচনের আগে রোড ম্যাপ আশা করছেন। কেননা অমিত শাহ এর আগে বলেছিলেন, বিজেপির লক্ষ্য হল রাজ্যের ৪২ টির মধ্যে ৩৫ টি আসন দখল করা। তবে অমিত শাহের উপস্থিতি বিজেপি নেতা-কর্মীদের মনোবল বাড়াবে বলেই জানাচ্ছেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা।
বিজেপি নেতাদের পরিকল্পনা অনুযায়ী, ৪০ টি সাংগঠনিক জেলার প্রতিটি থেকে অন্তত ১০ হাজার করে সমর্থক আসবেন। অমিত শাহের সমাবেশে ৩.৫ থেকে ৪ লক্ষ মানুষের জমায়েতের আশা করছেন রাজ্য বিজেপির নেতারা। তবে তৃণমূল একই জায়গায় সমাবেশ করতে গিয়ে যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো জায়গায় সমর্থকদের রাখতে ব্যবহার করে, সেই সুবিধা বিজেপির নেই।
বিজেপির তরফে সমর্থকদের রাখতে গেস্ট হাউজ ও অন্য আবাসন ভাড়া নেওয়া হয়েছে। বড় সংখ্যায় সমর্থকদের কলকাতায় এনে তারা শাসক তৃণমূলকে চমকে দেবেন বলেও দাবি করেছেন বিজেপির নেতারা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই দূর-দূরান্তের জেলা থেকে কর্মী সমর্থকরা কলকাতায় আসতে শুরু করবেন।
অন্যদিকে, অমিত শাহের সফর সূচি অনুযায়ী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সকাল ১১ টায় বিমান বাহিনীর বিশেষ বিমানে দিল্লি থেকে কলকাতার দিকে রওনা দেবেন। দুপুর ১.১৫-তে কলকাতা বিমানবন্দর। সেখান থেকে বিমান বাহিনীর হেলিকপ্টারে দুপুর ১.৩৫-এ রেসকোর্স ময়দান। সেখান থেকে সড়ক পথে ১.৪৫-এ ধর্মতলার সভা মঞ্চে পৌঁছবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুপুর ১.৪৫ থেকে ৩.১৫ পর্যন্ত সভায় থাকবেন। তারপর তিনি ৩.১০ মিনিটে রেসকোর্স ময়দান থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল ৩.৪৫-এ বিমান বাহিনীর বিশেষ বিমানে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।












Click it and Unblock the Notifications