Khuti Puja: পুজোয় অঙ্কুশকে নিয়ে কোথায় ভোগ খাবেন ঐন্দ্রিলা? শহরের খুঁটিপুজোয় চমক চন্দ্রযান-৩
Khuti Puja: কলকাতা ও বিধাননগরের নানা জায়গায় আজ হলো রবিবাসরীয় খুঁটিপুজো। বিধাননগরের বিজি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের ৩৯ বছরের খুঁটিপুজোয় দেখা গেল তারকার মেলা।
উত্তর কলকাতায় একটি খুঁটিপুজোয় দেখা গেল চন্দ্রযান-৩। চন্দ্রযানের মডেল উড়িয়ে চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের সেলিব্রেশনে মাতলেন ক্লাবের সদস্যরা।

উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটে পল্লীর যুবকবৃন্দর পুজোর এবার ৬২ বছর। থিম উত্তর সাক্ষী। পুরানো বাড়ির আদলে হবে মণ্ডপ। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। এদিন খুঁটিপুজোয় ড্রোনের সাহায্যে চন্দ্রযান ৩-র মডেল উড়িয়ে অভিনন্দন ও কুর্নিশ জানানো হলো ইসরোর বিজ্ঞানীদের।
বিধাননগরের বিজি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের পুজো এবার পদার্পণ করল ৩৯ বছরে। আজ খুঁটিপুজোর দিন প্রকাশ করা হলো থিম ও থিম মিউজিক। আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকনৃত্য শিল্পীদের সঙ্গে পা মেলাতে দেখা গেল বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোস, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে।

উপস্থিত ছিলেন বিধাননগরের ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, অভিনেত্রী মল্লিকা বন্দ্যোাপাধ্যায় প্রমুখ। ব্লকের বাসিন্দারা অংশ নিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানে, ছিল বাঙালিয়ানার সঙ্গে সাযুজ্য রেখে রকমারি খাবারের বন্দোবস্ত। ঐন্দ্রিলা সেন জানান, এই পাড়ায় তাঁর এক মামা থাকেন। প্রতিবার তিনি এই পুজোয় আসেন। এবার খুঁটিপুজোর সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।
ঐন্দ্রিলা বলেন, আজ অঙ্কুশেরও আসার কথা ছিল। কিন্তু শ্যুটিং পড়ে যাওয়ায় আসতে পারেননি। বছরভর ডায়েট করলেও পুজোর দিনগুলিতে ডায়েট করি না। এই পুজো প্রাঙ্গণে এসে ভোগ খাই, এবারও অঙ্কুশকে নিয়েই আসব। পাশে দাঁড়ানো মন্ত্রী সুজিত বোসের দিকে তাকিয়ে ঐন্দ্রিলা বলেন, শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোর সঙ্গেও আমরা জড়িয়ে। পুজোয় সেখানেও যাব।












Click it and Unblock the Notifications