ভাল নেই, খুব ভয় করছে! শেষ ফোনে মাকে বলেছিল যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ
বুধবার রাতেও মাকে ফোন করেছিলেন। জানিয়েছিলেন, সে ভাল নেই। খুব ভয় করছে। মাকে শীঘ্র আসতেও বলেছিলেন স্বপ্নদীপ কুণ্ডু। বৃহস্পতিবার এমনটাই জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয় হস্টেল থেকে ঝাপ দিয়ে মৃত স্বপ্নদীপ কুণ্ডুর মামা অরূপ কুণ্ডু।
সেই সঙ্গে ভাগ্নের রহস্যমৃত্যুর নেপথ্যে 'র্যাগিং'-এর অভিযোগ করলেন তিনি। যাদবপুর থানায় এফআইআর জানিয়েছেন অরূপ কুণ্ডু। বিশ্ববিদ্যালয়েও অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে যাদবপুর থানায় অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ঘটনার তদন্তে তৈরি করেছেন নিজস্ব কমিটি।

পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের 'এ' ব্লকের তৃতীয় তলার বারান্দা থেকে কোনওভাবে পড়ে গিয়ে মৃত্যু হয় স্বপ্নদীপের। আত্মহত্যা করেছেন কি না, সেই নিয়েও সংশয় তৈরি হয়েছে। তবে আত্মহত্যার জল্পনা উড়িয়ে দিয়েছেন তার মামা। জানিয়েছেন, বুধবার রাতেও মায়ের সঙ্গে কথা বলেছেন তিনি।
কী কথা বলেছিলেন? অরূপ কুণ্ডুর কথায়, 'ও বলে মা, আমি ভাল নেই। আমার খুব ভয় করছে। বোন জিজ্ঞেস করেন, 'কী হয়েছে'? ও বলে, 'তুমি শীঘ্রই এসো, তোমার সঙ্গে অনেক কথা রয়েছে।' এর পর ফোন কেটে যায়।
তারপর ছেলের ফোনে মা ফোন করেন। কিন্তু আর ফোন ধরেননি স্বপ্নদীপ। যা বলতে চেয়েছিলেন, বলতে পারেননি। রিং হয়ে যায়। তার পর অভিভাবকের কাছে ফোন আসে। স্বপ্নদীপ পড়ে গিয়েছেন বলে খবর দেওয়া হয়।
অন্যদিকে স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকালে নদীয়ার হাঁসখালির বগুলায় নেমে এসেছে শোকের ছায়া । আত্মহত্যা না খুন তা নিয়ে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। নদীয়ার বগুলার কলেজ পাড়া এলাকার বাসিন্দা স্বপ্নদ্বীপ কুণ্ডু এলাকায় ভাল ছেলে হিসেবে পরিচিত ছিল।
সম্প্রতি উচ্চশিক্ষার জন্য বাংলা প্রথম বর্ষের ছাত্র হিসেবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি হয় । কলেজের হস্টেলে থেকে পড়াশোনা শুরু করে স্বপ্নদ্বীপ। পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধেয় শেষবারের মতো মায়ের সাথে ফোনে কথা বলে ছাত্রটি। ওখানে তার ভয় লাগছে বলে পরিবারকে জানায়।
এরপর রাত সাড়ে বারোটা নাগাদ পরিবারকে জানানো হয়, স্বপ্নদ্বীপ ছাদ থেকে পড়ে গিয়েছে। জানা যায়, হস্টেল চত্বরে নিচে স্বপ্নদ্বীপকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। পরে হাসপাতালে মৃত্যু হয় স্বপ্নদীপের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি তারা ব্যাগিং নিয়ে কোনও অভিযোগ পায়নি । তবে স্বপ্নদীপের বিষয়টি তদন্ত করে দেখা হবে।












Click it and Unblock the Notifications