পঞ্চায়েতের আগেই ফেরাতে হবে ভাবমূর্তি, বিলাসবহুল জীবনযাত্রায় কোপ সিপিএম নেতাদের
ক্রমশই লড়াই থেকে হারিয়ে যাচ্ছে সিপিএম। নেতৃত্বের অজান্তেই সিপিএমের জায়গা নিচ্ছে পদ্ম শিবির। কিন্তু কেন এমন হচ্ছে? কোথায় খামতি সিপিএমের? রাজ্য কমিটির স্ক্যানারে উঠে এল নেতৃত্বের জীবনযাত্রা।
কলকাতা, ২ মে : ক্রমশই লড়াই থেকে হারিয়ে যাচ্ছে সিপিএম। নেতৃত্বের অজান্তেই সিপিএমের জায়গা নিচ্ছে পদ্ম শিবির। কিন্তু কেন এমন হচ্ছে? কোথায় খামতি সিপিএমের? রাজ্য কমিটির স্ক্যানারে উঠে এল নেতৃত্বের জীবনযাত্রা। নিচুতলার নেতৃত্ব, তথা জেলা নেতৃত্বের জীবনযাত্রা নিয়েই এখন প্রশ্ন উঠে পড়েছে। এবার তাই কোপ পড়তে চলেছে দলের একাংশের লাইফ স্টাইলে। যে কোনও মূল্যে দলের ভাবমূর্তি ফেরাতে তৎপর আলিমুদ্দিন স্ট্রিট।
দলের বৈঠকে প্রায় সকলেই একমত যে, সিপিএমের প্রধান রোগ নিষ্ক্রিয়তা। তার জেরেই দলে ভাঙন ধরিয়ে দিচ্ছে বিজেপি। ২০১১ সালে ক্ষমতা চলে যাওয়ার পর থেকেই ক্ষয় রোগ ধরে গিয়েছে। প্রধান বিরোধী দলের তকমা তো কেড়ে নিয়েছে কংগ্রেস। এবার দ্বিতীয় দল হিসেবেও ক্ষমতা খর্ব হতে বসেছে। এখন শাঁকারির করাতে পড়েছে সিপিএম।

দক্ষিণ কাঁথির উপনির্বাচনই কঙ্কালসার অবস্থাটা দেখিয়ে দিয়েছে সিপিএমের। বিজেপি-র এই উত্থানের জেরে সিপিএম কর্মী কমছে। লেভ আসছে না। ফান্ডের হাল খারাপ হয়ে গিয়েছে। এরই মধ্যে দলের একাংশের লাইফস্টাইল নিয়ে প্রশ্ন উঠে পড়েছে। ফান্ডের হাল খারাপ হওয়া সত্ত্বেও বিলাসবহুল গাড়ি না হলে দলের নেতারা এক পা যেতে পারেন না।
আন্দোলনের পথ থেকে সরে গিয়ে সিপিএম তথা বামেরা এখন ঘরে ঢুকে গিয়েছে। বিলাসবহুল জীবন ও জাবনযাত্রায় দিন গুজরাণ করতেই বদ্ধপরিকর তারা। এমতাবস্থায় বিজেপি তরতর করে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে। পঞ্চায়েতের আগে গুছিয়ে নিচ্ছে ঘর।
দলের অন্দরে সমালোচনার ঝড় উঠেছে, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুরা এখনও সাদামাটা জীবনে অভ্যস্থ। কিন্তু জেলার একাংশ নেতৃত্বের এসি গাড়ি ছাড়া চলে না। তাই দলের তরফ থেকে নির্দেশ পাঠানো হচ্ছে জেলাগুলিতে। যে কোনও মূল্যে দলের ভাবমূর্তি ফেরাতে হবে। ত্যাগ করতে বিলাসব্যসন। নামতে হবে রাস্তায়। মানুষের পাশে দাঁড়াতে হবে। কমিউন্স্ট মতাদর্শকে পাথেয় করেই এগোতে হবে দলের নেতা-কর্মীদের। আর তা না হলে অদূর ভবিষ্যতেই আরও দুর্দিন অপেক্ষা করছে।












Click it and Unblock the Notifications