তৃণমূলের মুখপাত্রদের নামের নতুন তালিকায় ফিরহাদ নেই, নেপথ্যে কীসের বার্তা! জল্পনা
তৃণমূলের মুখপাত্রদের নামের নতুন তালিকা প্রকাশ করা হল। জাতীয় ও রাজ্যস্তরে নেতাদের তালিকায় ৬০ জনের নাম রয়েছে। কিন্তু সেই তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে নেই ফিরহাদ হাকিমের নাম। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ফিরহাদ হাকিমে নাম কেন নেই, নেপথ্যে কীসের বার্তা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
শনিবার তৃণমূল জাতীয় ও রাজ্যস্তরের নামের তালিকা প্রকাশ করে। এই তালিকা প্রকাশ করা হল কি ফিরহাদ হাকিমকে বার্তা দিতেই। জাতীয় স্তরের তালিকায় ২০ জনের নাম রয়েছে। রাজ্য স্তরের তালিকায় নাম রয়েছে ৪০ জনে। কিন্তু কোনো তালিকাতেই নাম নেই ফিরহাদ হাকিমের। তার ফলেই জল্পনা বাড়ছে।

সম্প্রতি কালীঘাটে দলীয় বৈঠকে ফিরহাদ হাকিমকে সতর্ক করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদকে সেন্সর করা হয়। পুরসভা ছাড়া অন্য কোনো বিষয়ে ফিরহাদকে মুখ খুলতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারপর এক সপ্তাহ কাটতে না কাটতেই তিনি নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন।
রাজ্য মন্ত্রিসভার দুই সদস্য উদয়ন গুহ ও জ্যোতিপ্রিয মল্লিকের সমালোচনা করেন ফিরহাদ। বাম আমলে চিরকুটে চাকরি, বামেদের বয়কট নিয়ে মন্ত্রীদের বিপরীত কথা শোনা যায় ফিরহাদের কণ্ঠে। আর তারপরেই তৃণমূল জাতীয় ও রাজ্যস্তরের মুখপাত্রদের নামের তালিকা প্রকাশ করে। রাজনৈতিক মহল মনে করছে, এই মুখপাত্রদের তালিকা প্রকাশ করে বিশেষ বার্তা দিতে চাইল তৃণমূল।
শুধু ফিরহাদকে বার্তা দিতেই মুখপাত্রদের নাম প্রকাশ কি না, তা নিয়ে চর্চা চলছে। এই অবস্থায় বলে রাখা দরকার জাতীয় মুখপাত্রদের তালিকায় ২০ জনের মধ্যে যেমন ভিনরাজ্যের সুস্মিতা দেব, মুকুল সাংমা, রিপুণ বোরা, সাকেত গোখলে, কীর্তি আজাদ, ললিতেশ ত্রিপাঠীদের নাম রয়েছে, তেমনই এ রাজ্যের বাবুল সুপ্রিয়, ডেরেক ও'ব্রায়েন, অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য, জহর সরকার, কাকলি ঘোষদস্তিদার, মহুয়া মৈত্র, নাদিমূল হক, সৌগত রায়, শশী পাঁজা, সুগত বসু, সুখেন্দশেখর রায়, বিবেক গুপ্তারা রয়েছেন।
রাজ্যস্তরের মুখপাত্রের তালিকায় জায়গা পেয়েছেন দোলা সেন। কিন্তু নাম নেই সুপ্রিয় চন্দের। আর সবথেকে উল্লেখযোগ্যভাবে নাম নেই ফিরহাদ হাকিমের। উল্লেখযোগ্যদের মধ্যে নাম রয়েছে কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দেবাংশু ভট্টাচার্য, জয়প্রকাশ মজুমদার, মানস ভুইঁয়া, মৌসম নুর, পার্থ ভৌমিক, পার্থপ্রতিম রায়, ঋজু দত্ত, শান্তনু সেন, স্নেহাশিস চক্রবর্তী, সুদীপ রাহা, তাপস রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ।
ভোটকৌশলী প্রশান্ত কিশোর তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই প্রতি বথর নিয়ম করে মুখপাত্রের নামের তালিকা প্রকাশ করা হয়। সেইমতো এবারও মুখপাত্রের নাম জাতীয় ও রাজ্যস্তরের জন্য পৃথক পৃথক তালিকা প্রকাশ করা হল। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়ে তিনবার এই তালিকা প্রকাশ পেল।












Click it and Unblock the Notifications