করদাতাদের 'দ্বিতীয়বার ধোঁকা' দিচ্ছে মমতার সরকার! ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতি নিয়ে ফের সরব নির্মলা
দুই বছরের বেশি সময় ধরে একশো দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তিনি। যা নিয়ে কলকাতায় ধর্না থেকে শুরু করে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ অনেক কিছুই করেছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু তাতে যে কিছু হওয়ার নয়, তা এদিন পরিষ্কার করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন কলকাতায় এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তৃণমূল সরকারকেই নিশানা করেছেন। এদিন সন্ধেয় ন্যাশনাল লাইব্রেরিতে এক অনুষ্ঠানে নির্মলা সীতারমন বাংলায় একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে ফের একবার সরব হয়েছেন।

এদিন তাঁর অভিযোগ, রাজ্যে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড বানানো হয়েছে। সেখানে কীভাবে এই প্রকল্পে টাকা দেওয়া যাবে? এই টাকা কার, প্রশ্ন করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রশ্ন এই টাকা কি তাঁর বাবার? তারপর তিনি নিজেই বলেছেন, এই টাকা করদাতাদের। সেই পরিস্থিতিতে কীভাবে করদাতাদের টাকা ২৫ লক্ষ ভুয়া জব কার্ডধারীদের দেবেন, সেই প্রশ্ন করেন তিনি।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বাংলায় একশো দিনের কাজে অনিয়মের অভিযোগ করে বলেছেন, যেসব কাজ মনরেগায় হওয়ার কথা নয়, সেখানেও এই প্রকল্পের টাকায় তা করানো হয়েছে। বেসরকারি কাজেও সরকারি টাকা ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তাঁর অভিযোগ চা বাগানেও এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছে।
একশো দিনের কাজের প্রকল্পে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নির্মলা সীতারমন বলেছেন, ভুয়ো কার্ডের জন্য যেখানে টাকা গিয়েছে, তা ফিরিয়ে আনা উচিত ছিল রাজ্য সরকারের। সেই টাকা প্রকল্পের আসল দাবিদারদের হাতে তুলে দেওয়া উচিত ছিল। কিন্তু রাজ্য সরকার তা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। টাকা ফিরিয়ে না এনে রাজকোষ থেকে ফের টাকা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, করদাতাদের সঙ্গে দ্বিতীবার ধোঁকা দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications