ধৃত দুই জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে চায় এনআইএ, নিতে যাওয়া হবে বেঙ্গালুরু
বেঙ্গালুরুর রামেশ্বরমে বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হল। রাজ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় উঠে গিয়েছে এই ঘটনায়। দিঘা থেকে ধৃত দু'জনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাদের বেঙ্গালুরু নিয়ে যাওয়া হবে বলে খবর।
কলকাতার নিউটাউনের এনআইএ অফিসের সামনে নিরাপত্তার কড়াকড়ি। কারণ সেখানেই এই দুই সন্দেহভাজন জঙ্গিকে এনে রাখা হয়। কাঁথি থেকে গ্রেফতার করে আজ শুক্রবার ভোরবেলায় কলকাতার এনআইএ অফিসে নিউটাউনে আনা হয় দুজনকে। ধৃত দুজনকে আজ আদালতে তোলা হবে। সূত্রের খবর তদন্তকারীরা দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায়।

মূল বিস্ফোরণের ঘটনা বেঙ্গালুরুতে। তাই তাদের সেখানেই নিয়ে যাওয়া হবে৷ ওই বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অন্যতম মূল ষড়যন্ত্রীকেও গ্রেফতার করা হয়েছে বলে খবর৷ এই দুই ধৃতকেও জেরা করা হবে।
ওই বিস্ফোরণের ঘটনার সঙ্গে আর কারা জড়িত? এই দুই ব্যক্তির পিছনে কাদের মদত ছিল? এই বিস্ফোরণের সমস্ত ঘটনা তদন্ত করছে এনআইএ। ফলে সেখানে আরও বেশি এই দুই জঙ্গিকে জেরা করা প্রয়োজন।
আব্দুল মাতিন তাহা এবং মুশাবীর হুসেন সাজিবকে দিঘা থেকে গ্রেফতার করা হয়েছে৷ তারা ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল। গা ঢাকা দিয়েছিল সেখানে। প্রথমে অসম এবং পরে পশ্চিমবঙ্গে তারা লুকিয়েছিল বলে খবর।
গত ১ মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। তারপর থেকেই তারা গা ঢাকা দিয়েছিল।
জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির মধ্যে একজন ঘটনার অন্যতম মাস্টার মাইন্ড। একসময় তাদের নামে অর্থ পুরস্কারও ঘোষণা হয়েছিল৷ ধরে দিতে পারলে ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে। সেই দুই কুখ্যাত এবার বাংলা থেকেই ধরা পড়ল।
রাজনৈতিক মহলে চর্চা চলছে। বিজেপি ও সিপিএম তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করছে। বাংলা জঙ্গিদের নিরাপদ ঘাঁটি হয়েছে তৃণমূল জমানায়। তবে এই কথার তীব্র বিরোধিতা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে।












Click it and Unblock the Notifications