Dilip Ghosh: সস্ত্রীক দক্ষিণেশ্বরে পুজো দিলীপ ঘোষের, ভবতারিণীর কাছে কী চাইলেন নবদম্পতি?
Dilip Ghosh: শুক্রবারই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন দলের দাপুটে নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। মঙ্গলবার দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দিরে পুজো দিলেন নবদম্পতি। সঙ্গে ছিলেন দিলীপ ঘোষের মা-ও। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে স্বামী স্ত্রী উভয়ের মুখেই শোনা গেল সরকার পরিবর্তনের বার্তা।
বিয়ের পরদিন থেকেও রাজনৈতিক পরিসরে তাঁর ঝাঁঝালো অবস্থান বজায় থাকবে, একথা নিজ মুখেই জানিয়েছিলেন দিলীপ। মঙ্গলবার দক্ষিণেশ্বরে পুজো দিয়ে তিনি তো বটেই, স্ত্রী রিঙ্কু মজুমদারের মুখেও শাসকদলের বিরুদ্ধে কথা শোনা গেল। এসএসসি ভবনের বাইরে রাতভর চাকরিহারাদের ধর্না নিয়ে এদিন দিলীপ ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, "সরকারের সঙ্গে বৈঠকে সমাধান বের হবে না। কোর্টের কাছেই সমাধান রয়েছে। সব পক্ষকে কোর্টের কাছে আবেদন করতে বলব।"

চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপের বক্তব্য, "এখানে ৩ জন সিভিক পুলিশ আছে। তারা বলছেন যা বেতন পান, তাতে সংসারই চলে না। এই চাকরির কী মানে হয়? দেউচা পাচামিতে ১ ঝুড়ি কয়লাও বেরোল না। ১টা চাকরিও হল না। ওনার অভ্যাসই মিথ্যে কথা বলা। চাকরিহারাদের সঙ্গে বাংলার সকল মানুষ রয়েছে।"
ভগবানের কাছে সকলের কুশল কামনা করেছেন বলে জানান দিলীপ ঘোষ। একই প্রশ্ন তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারকে করা হলে তিনি বলেন, "সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ যেন হয়। রাজনৈতিকভাবে যাতে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি ও একইসঙ্গে রাজ্যে বিজেপির সরকারকে প্রতিষ্ঠ করতে পারি। সরকার যতক্ষণ না বদল হচ্ছে, ততক্ষণ উঁচ থেকে নিচু সকল শ্রেণির মানুষ ভুক্তভোগী হচ্ছেন।"
দক্ষিণেশ্বরে প্রথমেই মায়ের পুজো সারেন তারা। এরপর গঙ্গা দর্শন, শিব মন্দির, রাধাকৃষ্ণ মন্দির ও ঠাকপরের ঘর ঘুরে দেখেন দিলীর রিঙ্কু। গত শুক্রবার ঘরোয়া পরিবেশে একেবারে অনাড়ম্বরেই স্বজনদের নিয়ে বিয়ে সেরেছেন দিলীপ ঘোষ। রাজনৈতিক ব্যক্তিত্বদেরও খুব একটা দেখা যায়নি সেখানে। তবে দিলীপ ঘোষের বিয়ে ঘিরে শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়া থেকে গণমাধ্যমে তুঙ্গে চর্চা হয়।
ইডেন গার্ডেন্সে ম্যাচ দেখতে এসেই বিয়ের পাকাকথা সেরে ফেলেছিলেন বলে শোনা যায়। সেই দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার সোমবার বিয়ের পর ইডেনে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ দেখেন। ক্লাব হাউসে বসে খেলা উপভোগ করলেন নবদম্পতি।












Click it and Unblock the Notifications