নব মহাকরণ সরেজমিনে আজ যাচ্ছে দমকল ও ফরেনসিক দল, নমুনা খতিয়ে দেখে রিপোর্ট
কলকাতা, ১১ এপ্রিল : আজ শনিবার পরিস্থিতি সরেজমিনে দেখতে দমকল ও পূর্ত অফিসারেরা নব মহাকরণ যাবেন। পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরাদেরও এদিন সেখানে যাওয়ার কথা। সেখান থেকে নমুনা সংগ্রহ করবেন তাঁরা। এরপর সবকটি দিক খতিয়ে দেখেই সরকারকে রিপোর্ট দেবেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, গতকাল আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতি মেরামত করে নব মহাকরণে ফের দপ্তরের কাজ চালু করতে আগামী বৃহস্পতিবার গড়িয়ে যাবে। তবে শুধু ওই আট তলা নয়, বৃহস্পতিবার পর্যন্ত নব মহাকরণের তিনটি ব্লক (এ, বি, সি)-ই বন্ধ থাকবে।

নব মহাকরণের আগুন লাগার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে লালবাজারের গোয়েন্দা বিভাগ একটি কমিটি গঠন করে তদন্ত শুরু করছে। আগুন লাগার পিছনে অন্তর্ঘাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই কমিটি গঠন করার কথা ভাবা হয়েছে।
গতকাল সকাল ১০টা নাগাদ নব মহাকরণের সাত তলায় আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই খবর যায় দমকলের কাছে। কিছুক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঢুকে গিয়েছিল ঘটনাস্থলে। কিন্তু পূর্ত দফতরের লোকেরা না-থাকায় দমকলের কর্মীরা কেউই বুঝতে পারেননি কোথায় জেনারেটর, কী ভাবেই বা নবমহাকরণের ভিতরেই থাকা কুয়ো থেকে জল তুলতে হবে বা সেটার পাম্প কোথায় রয়েছে। আর এসবের ফাঁকেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি বাড়িটিকে।












Click it and Unblock the Notifications