রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক নীল-সাদা, বুকে বিশ্ববাংলার লোগো! প্রকাশ সরকারি বিজ্ঞপ্তি
রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পোশাক (dress) নিয়ে একরকম সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সরকার। এব্যাপারে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। যেখানে সব জেলাশাসকের কাছে পাঠানো বার্তায়
রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পোশাক (dress) নিয়ে একরকম সিদ্ধান্ত নিয়েই ফেলেছে সরকার। এব্যাপারে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের একটি বিজ্ঞপ্তি সামনে এসেছে। যেখানে সব জেলাশাসকের কাছে পাঠানো বার্তায় নীল-সাদা (white-blue) পোশাক ছাত্রছাত্রীদের জন্য তৈরি করানোর কথা বলা হয়েছে। এব্যাপারে রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প দফতরের বিজ্ঞপ্তি থেকেও সরকারের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের বিজ্ঞপ্তি
১৬ মার্চ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তা সব জেলা শাসকের কাছে পাঠানো হয়েছে। সেখানে রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতরের একটি বিজ্ঞপ্তির কথা উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে বিজ্ঞপ্তির প্রতিলিপি পাঠানো হয়েছে পঞ্চায়েত দফতর, কারিগরি শিক্ষা দফতর, ক্ষুদ্র শিল্প দফতর, সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর, সব জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পরিদর্শক এবং স্কুল শিক্ষা দফতরে।

সরকারি পর্যায়ে আগেই সিদ্ধান্ত
এব্যাপের সরকারি পর্যায়ে যে আগেই সিদ্ধান্ত হয়েছে তা রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতরের একটি বিজ্ঞপ্তি থেকে পরিষ্কার। দফতরের তরফে স্কুল শিক্ষা দফতরের কাছে বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে। সেখানে স্কুলের পোশাক, স্কুলের ব্যাগ সরবরাহের কথা বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে গত বছরের ১১ অগাস্টের একটি চিঠির কথাও উল্লেখ করা হয়েছে।

স্কুলের পোশাক হিসেবে ছাত্রছাত্রীদের যা দেওয়া হবে
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রদের সাদা রঙের একটা করে হাফ ও ফুল জামা এবং নীল রঙের একটি করে হাফ ও ফুল প্যান্ট দেওয়া হবে। ছাত্রীদের দেওয়া হবে সাদা জামা ও নীল রঙের টিউনিক ফ্রক। ছাত্রীদের জন্য থাকবে সাদা ও নীল কামিড এবং নীল ও সাদা সালোয়ার। ছাত্রীদের ক্ষেত্রে দুটি করে জামা এবং টিউনিক ফ্রক দেওয়া হবে প্রিপ্রাইমারি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত। ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত দুটো করে জামা এবং স্কার্ট। আর ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত দুটি করে সালোয়ার এবং কামিজ এবং দুটি করে দোপাট্টা। আর বুকে থাকা পকেটে বিশ্ববাংলার লোগো থাকবে। আর পকেট না থাকলে বাঁদিকে বুকের ওপরে বিশ্ব বাংলার লোগো দেওয়া থাকবে।

সরকারি সিদ্ধান্তের বিরোধিতা
সরকারি এই সিদ্ধান্তের বিরোধিতার কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক। দলের তরফ থেকে এই সিদ্ধান্তের বিরোধিতার কথা জানিয়েছেন তিনি। বহু স্কুলে একশো বছরের ওপরের বেশি সময় ধরে পোশাক বিধি রয়েছে, তা ভাঙার বিরুদ্ধে বলেও জানিয়েছেন তিনি। বেশ কয়েকটি শিক্ষক সংগঠনের তরফে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। কারও ব্যক্তিগত ইচ্ছা কিংবা পছন্দ ছাত্র সমাজের পাশাপাশি শিক্ষা ব্যবস্থার ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ প্রতিবাদী শিক্ষক সংগঠনগুলির।












Click it and Unblock the Notifications