গঙ্গাবক্ষে ভয়াবহ আগুনে ভস্মীভূত স্পিডবোট, দগ্ধ ২!
কলকাতা, ৪ সেপ্টেম্বর : ভয়াবহ আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল গঙ্গাবক্ষে দাঁড়িয়ে থাকা নৌবাহিনীর স্পিডবোট। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ বাবুঘাট ও প্রিন্সেপ ঘাটের মাঝে দাঁড়িয়ে থাকা স্পিডবোটটিতে আগুন লেগে যায়। এই ঘটনায় দু'জন ঠিকাকর্মী গুরুতর জখম হয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, জখম কর্মীদের অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌবাহিনী সূত্রে খবর, বোটটি গঙ্গাবক্ষে টহলদারির জন্য ভাড়া নেওয়া হয়েছিল। সেই কারণেই ঠিকা সংস্থাকে দিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করা হচ্ছিল বোটটিতে। এদিন স্টার্ট করার সময় আগুন লেগে যায়। তারপর নিমেষেই আগুন ছড়িয়ে পড়ে গোটা স্পিডবোটটিতে।

গঙ্গাবক্ষেই দাউ দাউ আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো বোটটি। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেও আগুনের গ্রাস থেকে বাঁচাতে পারেনি স্পিডবোটটিকে।
ওই সময় নৌবাহিনীর কোনও অফিসার বা কর্মী ওই বোটে ছিলেন না বলে জানিয়েছেন নৌবাহিনীর মুখ্পাত্র। উইং কমান্ডার সিমরণ বিরদি জানিয়েছেন, তাঁরা এই অগ্নিকাণ্ডের ঘটনার কোনও তদন্ত করছেন না। কলকাতা পুলিশ ও দমকলের তরফে তদন্ত শুরু করা হয়েছে। কোন ঠিকা সংস্থার কর্মীরা কাজ করছিলেন, ঠিক কী কারণে আগুন লাগে, তা জানার চেষ্টা চালাচ্ছে কলকাতা পুলিশ।












Click it and Unblock the Notifications