National Youth Day: স্বামীজির জন্মদিনে বর্ণাঢ্য অনুষ্ঠান বেলুড় মঠে, দেশজুড়ে সাড়ম্বরে জাতীয় যুব দিবস পালন
National Youth Day 2025: স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস (Swami Vivekananda Birth Anniversary) উপলক্ষ্যে রবিবার পালিত হচ্ছে ৪১ তম জাতীয় যুব দিবস। স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে সকাল থেকেই এরাজ্যের বেলুড় মঠ (Belur Math) থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে নানান কর্মসূচি। প্রতি বছরের মতোই ১২ জানুয়ারি মহাসমারোহে স্বামীজির জন্মদিবস পালন করা হল বেলুড় মঠে।
স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মদিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস (41th National Youth Day) উপলক্ষে রবিবার সকাল থেকেই বেলুড় মঠে ভক্তদের সমাগম। ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোপাঠ শুরু হয়।

সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়। শয়ে শয়ে পড়ুয়া যুব দিবসে বেলুড় মঠে এসে উপস্থিত হয়। স্বামীজীর ছবি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে বিভিন্ন সংগঠন।
বেলুড় মঠে স্বামীজি ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের গান গাইতে গাইতে মন্দির প্রদক্ষিণ করে তারা। এরপর ঠাকুর দর্শন করে শ্রদ্ধার্ঘও জানান তারা। মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মন্ডপে স্বামীজির আবির্ভাব দিবসে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেও স্বামীজিকে শ্রদ্ধার্ঘ জানাতে নানান জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বামীজিকে নিয়ে নানা অনুষ্ঠান , বেদপাঠ, ভজন, ভক্তিগীতি, স্তবগীতি করা হয় এদিন। পাশাপাশি স্বামী বিবেকানন্দের জীবনী পাঠেরও আয়োজন করা হয়েছে। দুপুরে ধর্মসভা এবং সন্ধ্যায় সন্ধ্যারতির পর অনুষ্ঠানের পরিসমাপ্তি হবে। মঠ প্রাঙ্গণের মঞ্চে মূল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলুড়ের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ স্বামী তত্ত্বসারানন্দ। বালি বেলুড় অঞ্চলের একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা এদিনের অনুষ্ঠানে অংশ নেয়।
দিনভর কর্মসূচি রয়েছে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে। রাজ্য সরকার, তৃণমূল ও বিরোধী দলনেতার তরফে সেখানে স্বামীজির মূর্তিতে মাল্যদান করা হবে। স্বামীজির বাড়ি থেকে যুব ম্যারাথনেরও আয়োজন করা হয়। রবিবার জাতীয় যুব দিবসে দিল্লিতে 'বিকশিত ভারত তরুণ নেতৃত্ব সংলাপ ২০২৫'-এ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির ভারত মণ্ডপমে রয়েছে এই অনুষ্ঠান।












Click it and Unblock the Notifications