নারদ তদন্তের অগ্রগতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট, ভর্ৎসিত সিবিআই
নারদ কাণ্ডে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে অখুশি কলকাতা হাইকোর্ট।
নারদ কাণ্ডে সিবিআই তদন্তের অগ্রগতি নিয়ে অখুশি কলকাতা হাইকোর্ট। যে গতিতে সিবিআই তদন্ত চলছে তাতে রীতিমতো উষ্মা প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ভূমিকায় অসন্তুষ্ট আদালত।

এতদিন হয়ে গেলেও তদন্তে কেন অগ্রগতি নেই তা জানতে চাওয়া হয়েছে। সাংসদ অপরূপা পোদ্দার ও বিধায়ক ইকবাল আহমেদ বছরখানেক আগে নারদ কাণ্ডে সিবিআই তদন্ত ও মামলা খারিজ করতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন।
সেই মামলার শুনানি চলছে একবছর ধরে। এদিন সেই মামলার শুনানিতেই আদালত রীতিমতো ভর্ৎসনা করেছে সিবিআইকে। এই মামলায় তদন্তের কতটা অগ্রগতি হয়েছে তা নিয়ে আগামী ছয় সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে আদালত।
২০১৬ সালে বিধানসভা নির্বানের আগে নারদ মিডিয়ার গোপন টেপ সামনে আসে। সেই স্টিং অপারেশন চালান সাংবাদিক ম্যাথু স্যামুয়েলস। তৃণমূলের বিভিন্ন নেতা-মন্ত্রী-সাংসদদের সেই ভিডিওয় টাকা নিয়ে দেখা গিয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতে কলকাতায় আদালতে মামলা দায়ের হয়েছে দুই পক্ষেই। সেই তদন্তে সিবিআই নিযুক্ত হলেও তদন্তের অগ্রগতি নিয়ে ফের একবার উচ্চ আদালত ক্ষোভ প্রকাশ করেছে।












Click it and Unblock the Notifications