বদলে যাচ্ছে ঐতিহ্যের মেডিকেল কলেজের নাম! পড়ুয়াদের প্রস্তাবে সিলমোহরের অপেক্ষা
এবার কলকাতা মেডিকেল কলেজের নাম পরিবর্তনের দাবি তুললেন পড়ুয়ারা। সেইসঙ্গে সেন্ট্রাল মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের দাবিও তোলা হয়েছে মেডিকেল কলেজের পড়ুয়াদের তরফে।
রাজ্যে ক্ষমতায় এসেই রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে বাংলা বা বেঙ্গল রাখার প্রস্তাব তিনি কেন্দ্রের কাছে পাঠিয়েওছিলেন। তবে এখনও তা মান্যতা পায়নি। মুখ্যমন্ত্রীর সেই দাবির সঙ্গে সাযুজ্য রেখেই এবার কলকাতা মেডিকেল কলেজের নাম পরিবর্তনের দাবি তুললেন পড়ুয়ারা। সেইসঙ্গে সেন্ট্রাল মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের দাবিও তোলা হয়েছে মেডিকেল কলেজের পড়ুয়াদের তরফে।

রবিবার কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সেই অনুষ্ঠানেই মেডিকেল কলেজ ও সেন্ট্রাল মেট্রোর নাম পরিবর্তনের দাবি ওঠে। ঐতিহ্যশালী শতাব্দী প্রাচীন 'কলকাতা মেডিকেল কলেজে'র নাম পরিবর্তন করে 'মেডিকেল কলেজ বেঙ্গল' করার দাবি তোলা হয়। পড়ুয়াদের এই দাবিকে একপ্রকার সম্মতি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য বলেন, 'ছাত্র-ছাত্রীদের প্রস্তাব গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। আমরা রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পাঠাবো।'
শুধু তাই নয়, সেন্ট্রাল মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে মেডিকেল কলেজ স্টেশন করার দাবিও তোলা হয়। পড়ুয়াদের যুক্তি, কলকাতার অনেক মেট্রো স্টেশনের নাম মনীষীদের নামে করা হয়েছে। তাহলে এই মেট্রোর নাম পরিবর্তন করতে আপত্তি কোথায়। মেডিকেল কলেজ স্টেশন হলে যে সমস্ত মানুষেরা পরিষেবার জন্য এখানে আসেন, তাঁরা পথ নির্দেশ পাবেন ওই নাম থেকেই।
এই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বলেন, 'এই বিষয়টি রেল বোর্ডের ব্যাপার। সেটা রাজ্যের অধীন নয়। তবে পড়ুয়ারা যেহেতু দাবি করেছেন, তাদের দাবি মেনে ওই প্রস্তাবও রেল বোর্ডের কাছে পাঠানো হবে।' ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়শনের পক্ষ থেকেও এই প্রস্তাবকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অ্যাসোসিয়েশনের পক্ষে বিধায়ক নির্মল মাজি জানান, পড়ুয়াদের প্রস্তাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে।
ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের পক্ষে জানানো হয়েছে, মেডিকেল কলেজের পুরনো নামই ফিরিয়ে আনার দাবি করেছেন পড়ুয়ারা। ঐতিহ্য ফিরিয়ে আনার এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে অ্যাসোসিয়েশনও। তাদের পক্ষ থেকেও পুরনো নামে ডাকার ব্যাপারে সহমত রয়েছে। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানানো হবে।












Click it and Unblock the Notifications