Monsoon Rain Kolkata: আষাঢ়ের প্রথম বর্ষণেই রেল লাইনে জল, ব্যাহত বনগাঁ শাখার ট্রেন চলাচল
অবশেষে মুখ তুলে চাইল বর্ষা। আষাঢ়ের প্রথম দিনেই বৃষ্টিতে ভাসল শহর থেকে জেলা। দহনে তপ্ত বঙ্গে বর্ষার প্রথম বৃষ্টি নিয়ে এলো স্বস্তির শ্বাস। বাঁচলেন সাধারণ মানুষ। এদিকে বর্ষার প্রথম বৃষ্টিতেই লোকাল ট্রেন পরিষেবা বিপর্যস্ত। বনগাঁ শাখায় রেল লাইনে জল। সিগনালেও সমস্যা তার জেরে ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সপ্তাহের প্রথম দিনে কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে চরমন ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। প্রবল বর্ষণের জেরে মধ্যমগ্রাম স্টেশনের স্বয়ংক্রিয় সিগনালিং ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। যার জেরে ট্রেন চলাচলও ঠিক মতো হচ্ছে না। দীর্ঘক্ষণ সিগনালে দাঁড়িয়ে থাকছে ট্রেন। সকাল সকাল এই ভোগান্তির শিকার সাধারণ মানুষ।

তার উপরে বামনগাছি, মধ্যমগ্রাম স্টেশনে রেল লাইনেও জল দাঁড়িয়ে গিয়েছে। যার জেরে বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে থমকে রয়েছে লোকাল ট্রেন। অফিস টাইমে এই বিপত্তির জেরে চরম ভোগান্তির শিকার হয়েছেন অফিস যাত্রীরা। মধ্যমগ্রাম থেকে ট্রেন ছেড়ে অনেকে অটো এবং বাস রুটে অফিসে যেতে বাধ্য হচ্ছেন। তার জেরে অনেকটা সময় লেগে যাচ্ছে।
রেলযাত্রীদের কথা ভেবে শেষে ম্যানুয়ালি সিগনালিং দেওয়া হচ্ছে। তাতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। পর পর দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেন এগোতে অনেকটা সময় লেগে যাচ্ছে। এখনও পর্যন্ত পরিষেবা স্বাভাবিক হয়নি। বর্ষার প্রথম বৃষ্টিতেই যদি রেললাইনে এই সমস্যা তৈরি হয় তাহলে পরের দিনগুলিকে কী হবে তাই নিয়ে প্রশ্ন উঠেছে।












Click it and Unblock the Notifications