আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই, রাজ্যে পুরোপুরি বর্ষা আসবে কবে
বর্ষা যত কাছে আসে ততই দক্ষিণ-পূর্ব হাওয়া শক্তি বাড়ায়। এবার কিন্তু সেই হাওয়া দক্ষিণবঙ্গের আকাশে ক্ষীণ। ফলে রাজ্যে সেভাবে বৃষ্টি হচ্ছে না।
আবহাওয়ার খামখেয়ালিপনা চলছেই। কখনও আকাশ কালো করে মেঘ ঘনিয়ে আসছে। মুহূর্তেই সেই মেঘ কেটে আবার রোদ ঝলমলে আকাশ। বঙ্গে বর্ষার দিনক্ষণ নির্ধারিত হয়ে গেলেও সে অর্থে প্রাক বর্ষার বৃষ্টি নেই। যেটুকু হচ্ছে তা বিক্ষিপ্ত। ফলে গরম কমছে না। অস্বস্তি বেড়েই চলেছে। সারাদিন ঘেমে নেয়ে একাকার কাণ্ড।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতি-শুক্রবারের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তার দু-চারদিনের ভিতরেই দক্ষিণবঙ্গে আসবে বর্ষা। তার আগে অন্তত কয়েকদিন ধরেই প্রাক বর্ষার বৃষ্টি নামে। কিন্তু এবার কোথায় কী? দেখা নেই প্রাক বর্ষার।

এদিনও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। কিন্তু তা হবে বিক্ষিপ্তভাবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ বুধবার মেঘলা থাকার কথা। এই যে বৃষ্টি মাঝেমধ্যে হচ্ছে, তা প্রাক বর্ষার বৃষ্টি নয়।
তাহলে কোথায় গেল প্রাক বর্ষার বৃষ্টি? আবহবিদরা জানাচ্ছেন, বর্ষা যত কাছে আসে ততই দক্ষিণ-পূর্ব হাওয়া শক্তি বাড়ায়। এবার কিন্তু সেই হাওয়া দক্ষিণবঙ্গের আকাশে ক্ষীণ। ফলে রাজ্যে সেভাবে বৃষ্টি হচ্ছে না। বর্ষা দুয়ারে কড়া নাড়লেও প্রাক বর্ষার বৃষ্টি থেকে বঞ্চিত হচ্ছে বঙ্গবাসী।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি, সর্বনিম্ন ২৭ ডিগ্রি। বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টি হবে বিক্ষিপ্ত। তবে স্বস্তি মিলবে না এই বৃষ্টির জেরে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে কলকাতাবাসীকে।












Click it and Unblock the Notifications