গণ পিটুনি রুখতে কড়া নবান্ন! এমনই নজরদারিতে জোর
গণপিটুনি প্রতিরোধে কড়া ব্যবস্থা নিয়ে চায় রাজ্য সরকার। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন ডিজি।
গণপিটুনি প্রতিরোধে কড়া ব্যবস্থা নিয়ে চায় রাজ্য সরকার। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার কাঁকুড়গাছিতে গণপিটুনিত মৃত্যুর ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন নবান্ন থেকে ভিডিও কনফারেন্সে পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন ডিজি। গুজব প্রতিরোধে সোশ্যাল মিডিয়ায় নজরদারিতে নবান্নে মনিটরিং সেল খোলার কথা জানানো হয়।

প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও গণপিটুনির ঘটনা ঘটছে। যুবক, বাচ্চা, বয়স্ক, মহিলা কেউই এই গণপিটুনি থেকে বাদ যাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রে মারধরের মুখে পড়ছেন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা। জনগণের হামলার মুখে বলতে পারছেন না কোথা থেকে, কী কারণে সেখানে গিয়েছেন তিনি। কার্যত এইভাবেই শুক্রবার গভীর রাতে কাঁকুড়গাছিতে প্রাণ হারাতে হয় এক যুবককে।
তবে কেন ঘন ঘন এই আইন হাতে নেওয়ার ঘটনা, তা ভাবাচ্ছে প্রশাসনকে। কসবা, আনন্দপুর, হাওড়ার জগতবল্লভপুর, তমলুক, রাজ্য জুড়ে একের পর এক গণ পিটুনির ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের তরফে ঘটনায় লাগাম লাগানোর চেষ্টা করা হলেও তা এখনও অধরাও থেকে গিয়েছে।
রাজ্যে দিকে দিকে গণ পিটুনির ঘটনায় উদ্বিঘ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে কড়া হাতে বিষয়টি মোকাবিলার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications