Moloy Ghatak: দলবদলের জল্পনা খারিজ, কী বললেন মলয় ঘটক
লোকসভা ভোটের আগে দলবদল শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই শাসক দলের একাধিক নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। শোনা যাচ্ছিল রাজ্যের মন্ত্রী মলয় ঘটকও নাকি অন্য দলে যোগ দিতে চলেছেন। গতকাল থেকে জল্পনার পারদ চড়েছিল।
সত্যিই কি এই অঘটন ঘটতে চলেছে। সেই জল্পনার অবসান ঘটালেন মন্ত্রী নিজেই। রাজ্যের মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি কোনও দলে যাচ্ছেন না। পুরোটাই রটনা। তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তিনি তৃণমূল কংগ্রেসেই রয়েছেন এবং থাকবেন।

প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল মলয় ঘটকের। তাঁর আসানসোল এবং কলকাতার বাড়িতে একাধিকবার তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি সিবিআই। কয়েকমাস আগেও মলয় ঘটকের বাড়িতে তল্লাশি চালানো হয়। গত কয়েক মাসে তাঁকে শাসক দলের কোনও প্রচারেও দেখা যায়নি। এমনকী ব্রিগেড সমাবেশেও তাঁকে দেখা যায়নি। তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল তাহলে কি দলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন আইনমন্ত্রী।
গতকাল থেকে হঠাৎ করে একটি ফেসবুক পোস্ট ঘিরে তুমুল জল্পনা শুরু হয়েছিল। রাজ্যের আইনমন্ত্রী নাকি তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছেন বলে জল্পনা শুরু হয়ে যায়। গতকাল দিনভর ধরে এই নিয়ে চরম রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়। তারপরেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডে মন্ত্রী নিজেই পোস্ট করে জানান তিনি কোথাও যাচ্ছেন না তিনি তৃণমূল কংগ্রেসেই রয়েছেন। যাঁরা তাঁর বিরুদ্ধে এই খবর রটাচ্ছেন তাঁদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
কিন্তু লোকসভা ভোটের এই উত্তেজনার মধ্যেও কিন্তু মলয় ঘটককে দলে সেকমভাবে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে
না। কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে মলয় ঘটকের। সেই মামলায় তাঁর বাড়িতে ইডি তল্লাশি হয়েছে একাধিকবার। মুখ্যমন্ত্রী নিজেও নাকি মলয় ঘটকের অবস্থান নিয়ে খুব একটু খুশি নন। তিনি নাকি প্রকাশ্যে মলয় ঘটকের সমালোচনাও করেছিলেন।
গতকাল একাধিক সংবাদ মাধ্যম এবং নিউজ পোর্টালে মলয় ঘটকের অন্যদলে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু মন্ত্রী সেই নিয়ে মুখ না খোলায় জল্পনার পারদ চড়েছিল। বুধবার সকালে নিজে প্রকাশ্যে এসে কিছু না বললেও সরাসরি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সব দাবিকে নস্যাৎ করে দিয়েছেন আইন মন্ত্রী। নিজেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয়কর্মী বলে দাবি করেছেন তিনি। সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে এই সব প্রচার করা হচ্ছে। যাঁরা চক্রান্ত করছেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে বার্তা দিয়েছেন আইনমন্ত্রী।












Click it and Unblock the Notifications