ভাবনায় রাজপুত রানি পদ্মিনী, ৫০তম বর্ষে মহম্মদ আলি পার্কের থিম এবার ‘পদ্মাবত’
পঞ্চাশ-তম বর্ষে মহম্মদ আলি পার্কের থিম এ বার ‘পদ্মাবত।’
রাজপুত রানি পদ্মিনীর কাহিনি অবলম্বনে নির্মিত ছবি ব্যাপক সাড়া ফেলেছিল দেশ জুড়ে। সঞ্জয়লীলা বনশালীর এই ছবির প্রথম নাম দেওয়া হয় 'পদ্মাবতী'। পরে নানা বিতর্কের জেরে ছবির মুক্তিতেও বাধা আসায় পরে নাম বদলে হয়ে যায় 'পদ্মাবত'। সেই গল্প নিয়ে পঞ্চাশ-তম বর্ষে মহম্মদ আলি পার্কের থিম এ বার 'পদ্মাবত।'

শিল্পীর ভাবনা
শিল্পী প্রশান্ত পালের সৃজনশীলতায় জোর কদমে চলছে পুজো প্রস্তুতি। শিল্পীর কথায়, আগে থেকে কিছু বলব না। গোটা বিষয়টি দেখতে হবে কাজ শেষ হয়ে যাওয়ার পর। তিনি জানান, গোটা পুজো মণ্ডপ হচ্ছে প্লাইউড ও বিশেষ থার্মাল পদার্থে। পুজোর বাজেট ৬০ লক্ষ টাকা। মূর্তি করছেন মেদিনীপুরের শিল্পী কুশ বেরা।

গতবারের বির্তক
গত বছর পুজো শুরু থেকে প্রবল বিতর্কে জড়িয়ে পড়ে মহম্মদ আলি পার্কের এই দুর্গাপুজো। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে পুজো উদ্যোক্তাদের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছিলেন চিকিৎসক সংগঠনগুলি। বিতর্কের সূত্রপাত এই পুজোর মূর্তি উন্মোচনের পর।

চিকিৎসকদের হুমকি
দেখা যায় দুর্গার পায়ের কাছে অসুর। আর তার পাশেই রয়েছেন এক চিকিৎসক। দেখানো হচ্ছে চিকিৎসক রোগীর কাছ থেকে টাকা নিচ্ছেন। এরপরই চিকিৎসকদের অসুর রূপে দেখানো হয়েছে বলে দাবি করে ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসক সংগঠনগুলি। তড়িঘড়ি ডাক্তার রূপে অসুরকে সরিয়ে দেওয়া হয়।

উদ্যোক্তাদের আশা
এবছর পুজোয় উদ্যোক্তারা জানান সেইরকম বিতর্কের কিছু সম্ভাবনা নেই। পুজো উদ্যোক্তাদের তরফে জনৈক প্রমোদবাবু জানান, সবাই আসুন। প্রতিমা দর্শন করুন, এটাই চাই। প্রতি বছর দশ থেকে বারো লক্ষ লোক হয় এবার সেই সংখ্যা কুড়ি লক্ষ ছাড়াবে বলে আশা করছি।












Click it and Unblock the Notifications