রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী, কী করবেন, কোথায় যাবেন? একনজরে সফরসূচি
২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার ২২ অগাস্ট পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সফর পুরোপুরি রাজনৈতিক নয়। দমদমে একটি জনসভা এবং বেশ কিছু প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারের সূচনা করবেন।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদী আগামীকাল বিকেল সাড়ে ৪টে নাগাদ পাটনা থেকে কলকাতা পৌঁছবেন। এরপর সড়কপথে তিনি যশোর রোড মেট্রো স্টেশনে যাবেন। সেখানে তিনি মেট্রো রেল সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে তিনি মেট্রো রেলে চড়ে বিমানবন্দরে যাবেন এবং সেখান থেকে আবারও যশোর রোড স্টেশনে ফিরে আসবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ প্রধানমন্ত্রীর দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এই সরকারি অনুষ্ঠানের পরই মোদী বিজেপির 'পরিবর্তন সংকল্প যাত্রা'-য় ভাষণ দেবেন।
বাংলায় ক্রমশ যেন শক্তি হারাচ্ছে বিজেপি। হাতে পাওয়া বড় বড় অস্ত্র দিয়েও তৃণমূলের জনপ্রিয়তায় ভাঙন ধরানো যাচ্ছে না স্থানীয় নেতৃত্বের অপারদর্শিতায়। ফলে প্রধানমন্ত্রী মোদীর এই সফরটি আগামী বিধানসভা ভোটের নিরিখে রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। এর আগে 'অপারেশন সিঁদুর'-এর পর তিনি আলিপুরদুয়ারে সভা করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।
উত্তরবঙ্গের সেই সভা থেকে প্রধানমন্ত্রী মোদী কর্মসংস্থান এবং অন্যান্য দুর্নীতির বিষয়ে তৃণমূল সরকারকে আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় এমন সরকার প্রয়োজন যা উন্নয়ন আনবে। পাশাপাশি রাজ্যে ঘটে যাওয়া একের পর এক ঘটনা, আইনশৃঙ্খলা নিয়ে তিনি রাজ্য সরকারে থাকা তৃণমূল কংগ্রসকে আক্রমণ করেন।












Click it and Unblock the Notifications