মিতার মৃত্যু রহস্যে নয়া মোড়, উদ্ধার ‘সুইসাইড নোট’, গ্রেফতার দেওর-শাশুড়ি
মিতা মণ্ডল রহস্য মৃত্যুর ঘটনায় নয়া মোড়। তাঁর ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। তাতে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' কিন্তু সেই হাতের লেখা আদৌ মিতার কি না, তা নিয়ে তৈরি হয়েছে গূঢ় রহস্য।
উলুবেড়িয়া, ১৮ অক্টোবর : মিতা মণ্ডল রহস্য মৃত্যুর ঘটনায় নয়া মোড়। তাঁর ঘর থেকে উদ্ধার সুইসাইড নোট। তাতে লেখা, 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।' কিন্তু সেই হাতের লেখা আদৌ মিতার কি না, তা নিয়ে তৈরি হয়েছে গূঢ় রহস্য। আদতে ওটি সুইসাইড নোট কি না, এ ব্যাপারে হস্তশিল্পী বিশারদের সাহায্য নেবে সিআইডি।
এদিকে এই ঘটনার সোমবার রাতে মিতার দেওর রাহুল মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মিতার শাশুড়িকেও। উলুবেড়িয়ায় এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল রাহুল ও তার মা। এই ঘটনায় আগেই গ্রেফতার করা হয় মিতার স্বামী ও শ্বশুরকে। ছয়দিন ফেরার থাকার পর ধৃতদের আজ উলুবেড়িয়া আদালতে পেশ করা হবে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সোমবার রাতে মিতা মণ্ডলের রহস্যমৃত্যুর তদন্তে তাঁর শ্বশুরবাড়ি উলুবেড়িয়ার কুশবেড়িয়ায় যায় চার সদস্যের সিআইডির দল। ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করেন তারা। সিআইডি-র এই দলই মিতার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। একটি খাতার পাতায় লেখা 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়'। এটি আদৌ সুইসাইড নোট কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ওই সুইসাইড নোট মিতার হাতের লেখা নকল করে লেখা হয়েছে বলে অভিযোগ মিতার দাদার। তিনি বলেন মিতার স্বামী রানা নকল করতে পটু ছিল। এই কাজ তারই। অন্যদিকে প্রাক্তনী মিতার সুবিচারের দাবিতে সোমবারও পথে নামেন যাদবপুরের পড়ুয়ারা। ঢাকুরিয়া থেকে যাদবপুর পর্যন্ত মিছিল করা হয়।
এই মিছিলে পা মেলান সাধারণ নাগরিকরাও। যাদবপুরের পড়ুয়ারা পোস্টার ক্যাম্পেনিংও চালাবেন আজ থেকে। তাঁরা বলেন. তাঁদের সিগনেচার ক্যাম্পেনিংও চলবে আগামী তিনদিন। তারপর বৃহস্পতিবার তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। মিতার মৃত্যুর সুবিচার দাবি করবেন।












Click it and Unblock the Notifications