পারফিউমের সেলসম্যান সেজে হানা! তারপর যা হল সোনারপুরের প্রৌঢ়ার
সেলসম্যান সেজে ফ্ল্যাটে ঢুকে টাকা ও গয়না লুটের অভিযোগ। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মানিকপুরের। গৃহকত্রীর অভিযোগ, শুক্রবার বিকেলে এক যুবক ও যুবতী নিজেদের সেলসম্যান পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢোকে
সেলসম্যান সেজে ফ্ল্যাটে ঢুকে টাকা ও গয়না লুটের অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মানিকপুরে। গৃহকত্রীর অভিযোগ, শুক্রবার বিকেলে এক যুবক ও যুবতী নিজেদের সেলসম্যান পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢোকে। সেই সময় ওই ফ্ল্যাটে মানসী দাশগুপ্ত একাই ছিলেন। তাঁকে স্প্রে দিয়ে বেহুঁশ করে দুষ্কৃতীরা লুটপাট চালায় বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় সোনারপুর থানার পুলিশ।

পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো শুক্রবারও মানসী দাশগুপ্তের ছেলে ও তাঁর স্ত্রী অফিসে বেরিয়ে যান। এরপর থেকে ফ্ল্যাটে একাই ছিলেন তিনি। বিকেল চারটে নাগাদ এক যুবক ও যুবতী নিজেদের সেলসম্যান পরিচয় দিয়ে ওই ফ্ল্যাটে ঢোকে। তারা সুগন্ধি বিক্রি করতে এসেছে বলে জানায়। এরপর সুগন্ধি পরখ করানোর নাম করে তারা মানসী দাশগুপ্তের ওপর রাসায়নিক প্রয়োগ করলে জ্ঞান হারান মানসী দাশগুপ্ত। সেই সুযোগে ফ্ল্যাটে লুটপাট চালিয়ে চম্পট দেয় ওই দুজন। যাওয়ার সময় মানসী দাশগুপ্ত ও তাঁর পাশের ফ্ল্যাটের দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়।

মানসী দাশগুপ্তের প্রতিবেশীরাই ঘটনাটি প্রথমে টের পান। সন্ধে নাগাদ ফ্ল্যাটের দরজা খুলে অচৈতন্য অবস্থায় তাঁক উদ্ধার করেন প্রতিবেশীরা। পুরো ঘর অগোছালো অবস্থায় ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানসী দেবীকে হাসপাতালে পাঠানো হয়। রাতেই ঘটনার তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ।












Click it and Unblock the Notifications