কলকাতার ছোট বাজেটের পুজোর উৎসাহে উৎকর্ষ সম্মান
বুধবার বাগবাজারে ফনী ভূষণ যাত্রা মঞ্চে রাজ্যের মন্ত্রী শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শশী পাঁজার উদ্যোগে ছোট ও মাঝারি বাজেটের পুজো গুলিকে সম্মানিত করা হল।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসবকে কেন্দ্র করে পুরস্কারের চল রয়েছে বহু বছর ধরে। কিন্তু এই পুরস্কার প্রাপকদের মধ্যে বরাবরই স্থান করে নেয় বড় বড় বাজেটের পুজোগুলি। তাই মূলত অপেক্ষাকৃত ছোট বাজেটের পুজো নিয়ে এবার এক অভিনব পুরস্কার বিতরণ শুরু হল। বুধবার বাগবাজারে ফনী ভূষণ যাত্রা মঞ্চে রাজ্যের মন্ত্রী শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শশী পাঁজার উদ্যোগে ছোট ও মাঝারি বাজেটের পুজো গুলিকে সম্মানিত করা হল।

জানা গিয়েছে, এদিন বিভিন্ন বিভাগে মোট ৪১টি পুজো কমিটিকে সম্মান জানানো হয়। পুরষ্কার প্রাপ্ত পুজোকমিটি গুলির হাতে স্মারকসহ পনেরো হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এছাড়াও যে কমিটিগুলি পুরষ্কার পায়নি তাদের উৎসাহ দিতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। সূত্রের খবর, মোট ৭৬টি পুজো কমিটিকে সম্মান জানানো হয় এদিনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। প্রথম বছরের এই সম্মান প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন বেশ উৎসাহ লক্ষ্য করা যায় পুজো কমিটি গুলির মধ্যে।
এদিন সেরার সেরা পুরুষ্কার তুলে দেওয়া হয় দর্জিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যদের হাতে। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী সুজিত বসু বলেন, এক সময় তিনিও কম বাজেটে নিয়ে পুজো করতেন। সেখান থেকে ধীরে ধীরে এখন শ্রীভূমি একটি নামে পরিণত হয়েছে। তিনি এদিন মন্ত্রীর এহেন উদ্যোগকে সাধুবাদ জানান। মন্ত্রী শশী পাঁজা বলেন, যে সব ছোট ও মাঝারি পুজো কমিটির পুজোগুলি সামনে আসছিল না অথচ ভালো পুজো করে তাদের সম্মান জানাতেই উদ্যোগ নেওয়া হয়েছে। পুজোর আগেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার এলাকার ছোট ও মাঝারি পুজোগুলি যারা নিষ্ঠা ভরে পুজো করে তাদের সম্মানিত করা হবে। সেই থেকেই এদিনের এই অনুষ্ঠান।












Click it and Unblock the Notifications