আগুনের ফুলকি থার্ড লাইনে! দুপুরে বিঘ্ন মেট্রো পরিষেবা
ফের মেট্রো চলাচলে বিঘ্ন। সূত্রের খবর অনুযায়ী, এদিন দুপুরে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে থার্ড লাইনে আগুনের ফুলকি চোখে পড়ে। দাঁড় করিয়ে দেওয়া হয় মেট্রো রেকটিকে। যাত্রীদের নামিয়ে নিয়ে যায় মেট্রো কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনার জেরে বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, সেই সম্পর্কে কিছু বলতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। আর কেনই বা এই পরিস্থিতি তা নিয়েও কিছু বলতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ।

সূত্রের খবর অনুযায়ী, ঘটনার সূত্রপাত ১২.৩০ নাগাদ। সেই সময় রবীন্দ্র সদনে এসে দাঁড়ায় কবি সুভাষগামী একটি রেক। এই সময় থার্ডলাইনে আগুনের ফুলকি দেখা দেয়। ধোঁয়াও বেরোতে থাকে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁদের নামিয়ে রেকটিকে খালি করে দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যান মেট্রোর পদস্থ আধিকারিকরা। খবর যায় দমকলেও।
পরবর্তী সময়ে নোয়াপাড়া থেকে নিউ গড়িয়া সরাসরি মেট্রো না চললেও, দুটি ভাগে ট্রেন চালানো হয়। উত্তরের দিকে সেন্ট্রাল থেকে নোয়াপাড়া আর দক্ষিণের দিকে টালিগঞ্জ থেকে নিউগড়িয়ে পর্যন্ত ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওযার চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ।
মেট্রো সূত্রে খবর, রেকটিকে আপাতত রবীন্দ্র সদনে রাখা হলেও, সেটিকে মেরামতির জন্য কারশেডে নিয়ে যাওয়া হবে। এদিকে ভোগান্তির জেরে মেট্রো কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণকেই দায়ী করেছেন যাত্রীরা।












Click it and Unblock the Notifications