সাতসকালেই বিপর্যস্ত মেট্রো পরিষেবা

মেট্রো রেল সূত্রে খবর, মঙ্গলবার সকালে দমদম থেকে পৌনে ন'টায় ছেড়ে আসা ট্রেনটি হঠাৎ খারাপ হয়ে যায় মহাত্মা গান্ধী রোড স্টেশনে। ঘড়িতে তখন ৮টা ৫৬ মিনিট। কামরার ভিতরে সব আলো নিভে যায়। আতঙ্কে চিৎকার শুরু করে দেন যাত্রীরা। চালক নেমে এসে প্রথমে একটি দরজা খুলে দেন। তার পর সব দরজা খুলে দেওয়া হয়। মাইকে ঘোষণা করা হয়, ট্রেনটি খারাপ হয়ে গিয়েছে। আর যাবে না। যাত্রীরা একসঙ্গে স্মার্টগেট দিয়ে বেরোতে গেলে আর একদফা হুড়োহুড়ি হয়। অফিসের সময় হওয়ায় স্বাভাবিকভাবে সবাই অধৈর্য হয়ে পড়েন। মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের বাইরে তখন বাসে ওঠার জন্য ধাক্কাধাক্কি।
এর পর প্রায় ঘণ্টা খানেক ধরে নোয়াপাড়া থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চালানো হয়। সকাল সওয়া দশটার পর পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয় বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি।












Click it and Unblock the Notifications