Kolkata Metro: পাতালপথে ফের থমকালো মেট্রো! একাংশে বন্ধ চলাচল
Kolkata Metro: গত শনিবারই মেট্রো বিভ্রাটের জেরে চরম ভোগান্তিতে পড়তে হয়েছিল নিত্যযাত্রীদের। আর কয়েকদিন পেরতে না পেরতেই আজ ফের সেই একই বিভ্রাটের ছবি ধরা পড়ল শহরে। অফিস যাওয়ার পথে বিপাকে পড়তে হল যাত্রীদের। যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ হয়ে যায় পরিষেবা, থেমে যায় মেট্রো।
কর্তৃপক্ষের তৎপরতায় বেলা ১২ টার পর মেট্রো (Kolkata Metro) চলাচল স্বাভাবিক হয়েছে। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, পার্ক স্ট্রিট ও এসপ্লানেড এই দুই স্টেশনের মাঝে থমকে যায় মেট্রো। আপ ও ডাউন- দুই লাইনেই পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

গিরিশ পার্ক থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ১২ টা ৬ মিনিটের পর পরিষেবা স্বাভাবিক হয়েছে। ঠিক কী সমস্যা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে মেট্রোর আধিকারিকরা যান ঘটনাস্থলে। ত্রুটি সমাধানের পর মেট্রো (Kolkata Metro) চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা গিয়েছে, ১২ টা ৬ মিনিটে ফের মেট্রো ছাড়ে আপ লাইনে অর্থাৎ ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশনের দিকে। আর ১২ টা ১০ মিনিটে ডাউন লাইনে অর্থাৎ গিরিশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশনের দিকে ছাড়ে মেট্রো।
গত শনিবারও একই পরিস্থিতি তৈরি হয়। যান্ত্রিক গোলযোগের কারণে সে দিন পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত। প্রায় তিন ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল। বারবার ব্যস্ত সময়ে এমন বিভ্রাটের মুখে পড়ায় রেলের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।
একই সঙ্গে যাত্রী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে মাত্র কয়েকদিনের ব্যবধানে যান্ত্রিক ত্রুটি নিয়ে প্রশ্ন উঠছে। যদিও রেলের দাবি, যাত্রী নিরাপত্তার বিষয়টি সবার আগে দেখা হয়।
বর্তমানে কলকাতা শহরে মেট্রোর অনেকগুলি লাইন চালু হয়েছে। শহর থেকে শহরতলিতেও পৌঁছে যাওয়া যাচ্ছে সহজেই। বহু মানুষ রাস্তার যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছনোর জন্য মেট্রোকে বেছে নিচ্ছেন।












Click it and Unblock the Notifications