ব্যস্ত সময়ে মেট্রো বিভ্রাট! শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা
ফের মেট্রো বিভ্রাট! সপ্তাহের প্রথম দিনের কর্মব্যস্ত সকালেই সমস্যায় পড়লেন মেট্রোযাত্রীরা। আজ পরিষেবা শুরু হওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই ব্লু লাইনে আচমকা বিভ্রাট দেখা দেয়। ঠিক কী কারণে এই সমস্যা তৈরি হল, তা এখনও স্পষ্ট করে জানায়নি মেট্রো কর্তৃপক্ষ। এর ফলে আজ সকাল থেকেই আংশিকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। চরম ভোগান্তির শিকার হন অফিসযাত্রী এবং ছাত্রছাত্রীরা।

মেট্রো সূত্রে জানা গিয়েছে যে, সকালে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী অন্তত দু'টি ট্রেন বাতিল করা হয়েছে। কিছুক্ষণ পরে আবার ঘোষণা করা হয় যে, মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সীমিত পরিসরে মেট্রো চলবে। একই ভাবে দক্ষিণেশ্বর থেকেও মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চালু রাখা হয়েছে। তবে আপ এবং ডাউন, দুই দিকেই কুঁদঘাট থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা পুরোপুরি বন্ধ থাকার জন্য মাঝপথেই আটকে পড়েন বহু যাত্রী।
হঠাৎ করে ট্রেন বাতিল এবং রুট ছোট করে দেওয়ার ফলে স্টেশনগুলিতে ভিড় ক্রমশ বাড়তে থাকে। কোথাও কোথাও আবার দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মেট্রো না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। নিত্যদিনের এই ধরনের বিভ্রাটে যাত্রীরা যে কার্যত অতিষ্ঠ হয়ে পড়েছেন তা স্পষ্ট ভাষায় জানিয়েছেন অনেকেই।
যাত্রীরা অভিযোগ করেছেন যে, নতুন রুট চালু হওয়ার পর থেকেই ব্লু লাইনের পরিষেবা ক্রমশ খারাপ হচ্ছে। নির্দিষ্ট সময়ে ট্রেন চলে না, প্রায়ই দরজা বন্ধ হওয়ার সমস্যা দেখা যায়। কখনও কখনও আবার কোনও আগাম ঘোষণা ছাড়াই মেট্রো বাতিল করে দেওয়া হয়। স্টেশনে পরিষ্কার করে সমস্ত তথ্য না দেওয়ার কারণে আরও বিভ্রান্তি তৈরি হয় বলে অভিযোগ।
এই ঘটনার পরও মেট্রোর তরফে কোনও বিস্তারিত ব্যাখ্যা অথবা দুঃখপ্রকাশ করা হয়নি। ফলে পরিষেবা নিয়ে অনিশ্চয়তা এবং যাত্রীদের ক্ষোভ দুটোই আরও বেড়েছে বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা।












Click it and Unblock the Notifications